Home » IPL 2024: মুম্বইকে হারিয়ে আইপিএলের প্লে-অফের দৌড়ে সৌরভের দিল্লি

IPL 2024: মুম্বইকে হারিয়ে আইপিএলের প্লে-অফের দৌড়ে সৌরভের দিল্লি

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৭ এপ্রিল: রানের বন্যা বইছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। সেই ধারাই বজায় রইল দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে দিল্লি তোলে ২৫৭ রান। সৌজন্যে জ্যাক ফ্রেজার ম্যকগুর্কের খুনখারাপি ব্যাটিং। রান তাড়া করতে নেমে হাড্ডাহাড্ডি লড়াই দিল মুম্বইও। কিন্তু নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ২৪৭ রানেই থামতে হয় হার্দিক পান্ডিয়াদের। ১০ রানে মুম্বইকে হারিয়ে আইপিএলের পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে উঠে এল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল।

টসে জিতে দিল্লিকে প্রথমে ব্যাট করতে পাঠান মুম্বই অধিনায়ক হার্দিক। ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করার সুযোগকে পুরোদমে কাজে লাগলেন দিল্লির ব্যাটারেরা। বিশেষ করে ওপেনার জ্যাক ফ্রেজার ম্যকগুর্ক। শুরু থেকেই মারমুখী মেজাজে পাওয়া যায় অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি ক্রিকেটের বিশেষজ্ঞকে। এদিন মুম্বইয়ের কোনও বোলারকে রেয়াত করেননি তিনি। ম্যাকগুর্কের ব্যাটিং আগ্রাসন থেকে ছাড় পাননি যশপ্রীত বুমরাও। ১৫ বলে নিজের অর্ধশত রান পূর্ণ করেন ম্যাকগুর্ক। যখন মনে হচ্ছিল শতরান শুধু সময়ের অপেক্ষা, তখন অভিজ্ঞ পীযূষ চাওলার বলে বড় শট খেলতে গিয়ে আউট হলেন। সন্তুষ্ট থাকতে হল ২৭ বলে ৮৯ রান করে। ১১ টি চার ও ৬ টি ছয়ে নিজের ইনিংস সাজালেন। পাশাপাশি দলের বড় রানের ভিতটিও গড়ে দিয়ে গেলেন। অভিষেক পোড়েল, সাই হোপ, ট্রিস্টিয়ান স্টাবসরা সেই রানকে নিয়ে গেলেন আড়াইশো রানের উপরে। এদিন ওপেন করে বাংলার অভিষেক করলেন ২৭ বলে ৩৬ রান। প্রথমে কিছুটা ধরে খেললেও পরে হাত খোলেন তিনি। তিন নম্বরে নেমে ১৭ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংস খেলেন শে হোপ। ৫ টি ছয় আসে ক্যারিবিয়ান ক্রিকেটারের ব্যাট থেকে। অধিনায়ক পন্থের অবদান ১৯ বলে ২৯। ২ টি করে চার ও ছয় মারলেন। রানের ঝড় তোলায় পিছিয়ে ছিলেন না স্টাবসও। ৬ টি চার ও ২ টি ছয়ের সাহায্যে অপরাজিত রইলেন ৪৮ রানে। 

আরও পড়ুন: Real Madrid: রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে লা লিগা জয়ের দোরগোড়ায় রিয়াল মাদ্রিদ

ব্যাটিং সহায়ক পিচে রান তাড়া করতে নেমে দ্রুত ৩ উইকেট হারায় মুম্বই। রোহিত শর্মা ফেরেন ৮ রানে। ঈশান কিষান করেন ২০ রান। এবং সূর্য কুমার যাদবের অবদান ২৬ রান। চতুর্থ উইকেটের জুটিতে দলের হাল ধরেন হার্দিক ও তিলক বর্মা। ২৪ বলে ৪৬ রানের ইনিংস খেলেন মুম্বই অধিনায়ক। মারেন ৪ টি চার ও ৩ টি ছয়। তাদের ৭১ রানের জুটি মুম্বই ব্যাটিং অর্ডারে কিছুটা অক্সিজেন জোগায়। সাত নম্বরে নেমে ১৬ বলে ৩৭ রানের আগ্রাসী ইনিংস খেলেন টিম ডেভিড। ২ টি চার ও ৩ টি ছয় মারেন তিনি। একদিকে যখন দলের উইকেট পড়ছিল তখন দলকে ম্যাচে টিকিয়ে রেখেছিলেন তিলক বর্মা। ৩২ বলে ৬৩ রানের দুর্দান্ত ইনিংস খেললেও দলকে জেতাতে পারলেন না। শেষ ওভারে তিলক রান আউট হতে ম্য্যাচের ভাগ্য স্থির হয়ে যায়। দিল্লির বোলারদের মধ্যে ৩ উইকেট নিলেন রাসিখ সালাম। মুকেশ কুমারের ঝুলিতে গেল ২ উইকেট। 

About Post Author