স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৬ মে: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পরপর তিন ম্যাচে জয় পেল কলকাতা নাইট রাইডার্স। দিল্লি ও মুম্বই জয়ের পর এবার লখনউয়ে গিয়ে লখনউ জয় করল বাদশার দল। প্রথমে ব্যাট করতে নেমে কেকেআর তুলেছিল ৬ উইকেটে ২৩৫ রান। সৌজন্যে ক্যারিবিয়ান অলরাউন্ডার সুনীল নারিনের তাণ্ডবে ব্যাটিং। জবাবে লোকেশ রাহুলদের ইনিংস থামে ১৩৭ রানে। ৯৮ রানের বিশাল ব্যবধানে লখনউকে হারিয়ে লিগ শীর্ষে পৌঁছে গেল কেকেআর শিবির। ১১ ম্যাচে তাদের সংগৃহীত পয়েন্ট ১৬। সমসংখ্যক পয়েন্ট পেলেও রান রেটের বিচারে দুইনম্বরে নেমে গেল রাজস্থান। যদিও কলকাতার তুলনায় একটি ম্যাচ কম খেলেছে তারা।

এই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রানের বন্যা বইছে। প্রায় দুশো বা তার থেকে বেশি রান তুলছে একটি দল। একটা সময় টি-টোয়েন্টি ক্রিকেটে দুশোর বেশি রান করা ছিল কষ্টসাধ্য বিষয়। কিন্তু চলতি আইপিএলে দলগুলির কাছে তা হয়ে উঠেছে জলভাত। রান তোলার বিষয়ে পিছিয়ে নেই কলকাতা নাইট রাইডার্সও। এখনও পর্যন্ত ১১ টি ম্যাচের মধ্যে ৬ টি ম্যাচে দুশো রানের বেশি করেছে গৌতম গম্ভীরের দল। রবিবার গম্ভীরের প্রাক্তন দলের বিরুদ্ধেও রানের কালবৈশাখী বজায় রাখল তার বর্তমান দল। আর যাকে এর জন্য কৃতিত্ব না দিলেই নয় তিনি সুনীল নারিন। গৌতম গম্ভীরের অধিনায়কত্বে কলকাতা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ জয়ের অন্যতম কান্ডারী নারিন। মাঝে কিছুটা ফিকে হয়ে গিয়েছিল তার ফর্ম। কিন্তু গম্ভীর কলকাতার মেন্টর হয়ে ফিরতেই আবার স্বমেজাজে বিরাজ করছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। রবিবার লখনউয়ের বিরুদ্ধে খেললেন ৩৯ বলে ৮১ রানের মেজাজি ইনিংস। ৬ টি চার ও ৭ টি ছয় এল নারিনের ব্যাট থেকে। প্রথম পাওয়ার প্লে-তে বিপক্ষের বোলারদের নিয়ে ছেলেখেলা করলেন। ১২ ওভারে মধ্যে তার আগ্রাসী ব্যাটে ভর করে ১৪০ রান তুলে ফেলে কেকেআর। অন্য ওপেনার ফিল সল্ট শুরুটা ভাল করেও বড় ইনিংস খেলতে পারেননি। ১৪ বলে ৩২ রান করে তিনি আউট হন দ্রুত। তার পর থেকে দলের রান এগিয়ে নিয়ে যাওয়ার কাজটি করেন নারিন। তিন নম্বরে নেমে ৩২ রান করেন অভিষেক রঘুবংশী। কিন্তু সেই রান করতে তিনি ২৬ বল খরচ করলেন। কলকাতার মিডল অর্ডারে কোনও ব্যাটার আর উল্লেখযোগ্য কিছু করতে পারেননি। ছ’নম্বরে নেমে ১৫ বলে ২৩ রান করে আউট হন নাইট অধিনায়ক শ্রেয়স আয়ার। সাত নম্বরে নেমে রমনদীপের ৬ বলে ২৫ রানের সৌজন্যে ২৩৫ রান তোলে কলকাতা।
For his explosive opening act, Sunil Narine Bags the Player of the Match Award in Match 5️⃣4️⃣ ????
Scorecard ▶️ https://t.co/CgxfC5H2pD#TATAIPL | #LSGvKKR pic.twitter.com/zbWMQcRKZj
— IndianPremierLeague (@IPL) May 5, 2024
রান তাড়া করতে নেমে পুরো কুড়ি ওভার ব্যাট করতে পারলেন না লখনউয়ের ব্যাটারেরা। ১৬.১ ওভারে স্বাগতিকদের ইনিংসে ধস নামিয়ে দিলেন হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, আন্দ্রে রাসেলরা। হর্ষিত ও বরুণ নিলেন ৩ টি করে উইকেট। আন্দ্রে রাসেল পান ২ টি উইকেট। ১ টি করে উইকেট পেয়েছেন স্টার্ক ও নারিন। লখনউয়ের দলের হয়ে উল্লেখযোগ্য ইনিংস খেলেন অধিনায়ক রাহুল। ২১ বলে ২৫ রান করে তিনি আউট হন। তিন নম্বরে নেমে কিছুটা লড়াই চালান মার্কোস স্টোইনিস। ২১ বলে ৩৬ রান করে আসে তার ব্যাট থেকে। কিন্তু শেষ রক্ষা হয়নি। মিডল ও লোয়ার অর্ডার তাসের ঘরের মত ভেঙে পড়ে। বড় রান তাড়া করতে যে বড় রানের জুটির দরকার ছিল তা গড়ে ওঠেনি। বিক্ষিপ্তভাবে কয়েকটি বড় শট খেলেন লখনউ ব্যাটারেরা। কিন্তু জয়ের জন্য তা যথেষ্ট ছিল না।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার