Home » IPL 2024: ইডেনে মুম্বই বধ করে আইপিএলের প্লে-অফে কলকাতা

IPL 2024: ইডেনে মুম্বই বধ করে আইপিএলের প্লে-অফে কলকাতা

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১২ মে: ওয়াংখেড়ের পুনরাবৃত্তি ইডেনে । চলতি মাসের শুরুতে মুম্বই ইন্ডিয়ান্সকে তাদের ঘরের মাঠে হারিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। শনিবার আবারও পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়নদের বিরুদ্ধে জয় পেল নাইটরা। ঘরের মাঠে ১৮ রানে জিতলেন শ্রেয়স আয়াররা। বৃষ্টিবিঘ্নিত ১৬ ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৫৭ রান তোলে নাইটরা। জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৩৯ রানে থামতে হয় হার্দিকদের। এই জয়ের ফলে এ বছরের প্রথম দল হিসেবে আইপিএলের প্লে-অফে পৌঁছে গেল কলকাতা।

একটা সময় মনে হয়েছিল ম্যাচটি ভেস্তে যাবে বৃষ্টির কারণে। বৃষ্টির ভ্রূকুটি উপেক্ষা করে রাত প্রায় সোয়া ন’টায় শুরু হয় ম্যাচ। ওভার সংখ্যা কমে হয় ১৬। টসে জিতে কলকাতাকে প্রথমে ব্যাট করতে পাঠান মুম্বই অধিনায়ক হার্দিক। প্রথমে ব্যাট করে শুরুটা ইতিবাচক হয়নি স্বাগতিকদের। প্রথম ওভারে নুয়ান তুষারার বলে আউট হন ফিল সল্ট। দ্বিতীয় ওভারে বুমরা ফেরান সুনীল নারিনকে। চার নম্বরে নেমে রান পাননি শ্রেয়স আয়ারও। এই পরিস্থিতিতে দলকে টানেন ভেঙ্কটেশ আয়ার। ২১ বলে ৪২ রান করেন তিনি। মারেন ৪ টি চার ও ২ টি ছয়। ইম্প্যাক্ট হিসেবে নেমে নজর কাড়লেন নীতিশ রানাও। গত মরশুমে নাইটদের অধিনায়ক ছিলেন। কিন্তু এই মরশুমে চোটের জন্য খেলতে পারেননি। এই মরশুমে প্রথম খেলতে নেমে করেন ২৩ বলে ৩৩ রান। বড় রান না পেলেও দলকে লড়াই করার মত জায়গায় পৌঁছে দেন আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং ও রমনদীপ সিং। ১২ বলে ২০ রান করেন রিঙ্কু। ড্রে রাসের ব্যাট থেকে আসে ১৪ বলে ২৪ রান। ৮ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন রমনদীপ। ২ টি করে উইকেট নিলেন পীযূশ চাওলা ও যশপ্রীত বুমরা।

আরও পড়ুন: BCCI: দ্রাবিড় জমানার অবসান, রোহিতদের হেড স্যার নিয়োগের জন্য বিজ্ঞাপন দেওয়ার পথে বোর্ড

১৫৮ রান তাড়া করতে নেমে শুরুটা খারাপ করেনি মুম্বই। আগ্রাসী মেজাজে শুরু করেন দুই ওপেনার রোহিত শর্মা এবং ঈশান কিষান। বেশি বড় শট খেলছিলেন মুম্বইয়ের উইকেট-রক্ষক ব্যাটার। প্রথম দিকে কলকাতার কোনও বোলারকেই রেয়াত করলেন না তাঁরা। মুম্বই শিবিরে প্রথম ধাক্কা দেন নারিন। ফেরান ঈশান কিষানকে।  বড় শট খেলতে গিয়ে ২২ বলে ৪০ রান করে ফেরেন তিনি। মারলেন ৫টি চার এবং ২টি ছয়। পয়মন্ত ইডেনে চেনা মেজাজে পাওয়া গেল না রোহিতকে। ১৯ রান করতে খরচ করলেন ২৪ বল। ভাল শুরু করেও ধারাবাহিকতা দেখাতে পারলেন না মুম্বই ব্যাটাররা।  দলকে ভরসা জোগাতে পারলেন না সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, টিম ডেভিড, নেহাল ওয়াধেরারা। 

মুম্বইয়ের ব্যাটারদের বিপাকে ফেললেন দুই নাইট স্পিনার সুনীল নারিন ও বরুণ চক্রবর্তী। চার নম্বরে কিছুটা লড়াই করলেন তিলক বর্মা। ১৭ বলে ৩২ রান করলেন তিলক। মারলেন ৫ টি চার ও ১ টি ছয়। শেষ দিকে কিছুটা লড়াই করলেন নমন ধীর। ৬ বলে ১৭ রান করলেন তিনি। কিন্তু ততক্ষণে ম্যাচ মুম্বইদের হাতছাড়া হয়ে গিয়েছে। ইডেনে নাইটদের সফলতম বোলার বরুণ চক্রবর্তী। ২ উইকেট নিলেন। দিলেন মাত্র ১৭ রান। ম্যাচের সেরাও নির্বাচিত হলেন তিনি। হর্ষিত রানা ও রাসেলও ২ টি করে উইকেট নিলেন। নারিন পেলেন একটি উইকেট।

About Post Author