Home » English Premier League: ফুলহ্যামকে বড় ব্যবধানে হারিয়ে খেতাবের সঙ্গে দূরত্ব কমাল ম্যানচেস্টার সিটি

English Premier League: ফুলহ্যামকে বড় ব্যবধানে হারিয়ে খেতাবের সঙ্গে দূরত্ব কমাল ম্যানচেস্টার সিটি

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১২ মে: প্রিমিয়ার লিগ জয়ের পথে আরও একধাপ এগোল ম্যানচেস্টার সিটি। শনিবার ক্র্যাভেন কটেজে তারা হারিয়ে দিল ফুলহ্যামকে । খেলার ফল সিটিজেনদের পক্ষে ৪-০। তাদের হয়ে জোড়া গোল করেন ইয়োশকো ভার্দিওল। সিটির জয়ের ফলে লিভারপুলের যা একটু সম্ভাবনা ছিল, তাও শেষ হয়ে গেল। দুইয়ে নামিয়ে দিল শিরোপার প্রধান প্রতিদ্বন্দ্বী আর্সেনালকে।

প্রতিপক্ষের ঘরের মাঠে শুরু থেকেই দাপট দেখায় ম্যানচেস্টার সিটি। ১৩ মিনিটের মাথায় আকাশী জার্সিধারিদের হয়ে গোলের খাতা খোলেন ভার্দিওল। কেভিন ডি ব্রুইনার বাড়ানো পাস থেকে গোল করেন ক্রোয়েশিয়ার ডিফেন্ডার। বিরতি পর্যন্ত তার করা একমাত্র গোলেই এগিয়ে ছিল সিটিজেনরা। দ্বিতীয়ার্ধের শুরু থেকে সেই ব্যবধান বাড়ানোর চেষ্টা করতে থাকে গুয়ার্দিওলা বাহিনী। ৫৯ মিনিটের মাথায় দলের ব্যবধান দ্বিগুণ করেন ফিল ফোডেন। বের্নাডো সিলভার পাস থেকে গোল করেন ইংরেজ মিডফিল্ডার। এ বারের লিগে ১৭টি গোল হয়ে গেল ফোডেনের। ৭১ মিনিটে আবার গোল পেয়ে যায় সিটি। সিলভার পাস থেকে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন ভার্দিওল। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে বক্সের মধ্যে হুলিয়ান আলভারেসকে ফাউল করেন ইসা ডিওপ। তাকে দ্বিতীয় হলুদ কার্ড ও লাল কার্ড দেওয়ার পাশাপাশি সিটিকে পেনাল্টি দেন রেফারি। প্রতিযোগিতার ইতিহাসে প্রথম ডিফেন্ডার হিসেবে হ্যাটট্রিক করার সুযোগ ছিল ভার্দিওলের কাছে। কিন্তু তিনি শট না নিয়ে আলভারেসকে মারতে দেন। পেনাল্টি স্পট থেকে জালে বল জড়াতে ভুল করেননি আর্জেন্টিনার ফরোয়ার্ড।

আরও পড়ুন: IPL 2024: ইডেনে মুম্বই বধ করে আইপিএলের প্লে-অফে কলকাতা

আরও পড়ুন: Optical Illusion: আপনার পর্যবেক্ষণ ক্ষমতা কী ব্যোমকেশ বক্সীর মত, ৪৫ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বার করুন

ফুলহ্যামের বিরুদ্ধে জয়ের পরে ৩৬ ম্যাচে ৮৫ পয়েন্ট পেয়ে লিগ শীর্ষে ম্যানচেস্টার সিটি। ২৬  টি জয় ও ৭ টি ড্র করেছে সিটিজেনরা। হেরেছে মাত্র ৫ টি ম্যাচ। সমসংখ্যক ম্যাচে ৮৩ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে আর্সেনাল। একই সংখ্যক ম্যাচ খেলে ৭৮ পয়েন্ট পেয়ে তিন নম্বরে লিভারপুল। লিগের শেষ দুটি ম্যাচে সিটির প্রতিপক্ষ টটেনহ্যাম হটস্পার ও ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। এই দুটি ম্যাচ জিতলে টানা চতুর্থবারের জন্য প্রমিয়ার লিগের খেতাব জিতবে পেপ গুয়ার্দিওলার দল।

About Post Author