সময় কলকাত ডেস্ক, ২০ মেঃ দুই দিদির লড়াইয়ে জমজমাট হুগলি লোকসভা (Hoogly Lok Sabha)। দ্বিতীয় বার এই আসন ধরে রাখতে পারবে বিজেপি? নাকি পর্দার দিদি নম্বর ওয়ানের হাত ধরে হারিয়ে যাওয়া জমি পুনরুদ্ধার করবে তৃণমূল?

শেষ হল অষ্টাদশ লোকসভা নির্বাচনের পঞ্চম দফা। সারা দেশের পাশাপাশি এ রাজ্যের মোট সাতটি কেন্দ্রও সামিল হয়েছিল গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসবে। তার মধ্যে অন্যতম হুগলি লোকসভা কেন্দ্রটি। গতবার এই আসনটি রাজ্যের শাসকদলের থেকে ছিনিয়ে নিয়েছিল বিজেপি। পদ্ম ফুলের টিকিটে জয়ী হয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়। চলতি নির্বাচনেও তাকেই প্রার্থী করেছে কেন্দ্রের বিদায়ী শাসকদল। অন্যদিকে তৃণমূল এই কেন্দ্রে প্রার্থী করেছে তারকা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়কে। আর এই কেন্দ্রে কংগ্রেসের সমর্থনে সিপিএম প্রার্থী করেছে মনোদীপ ঘোষকে। একসময়ের সহকর্মী হলেও এখন তারা একে অপরের প্রতিপক্ষ। দু’জনেই হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী। একজন তৃণমূলের সৈনিক আর অন্যজন বিজেপির। গত দেড় মাস মাটি কামড়ে পড়েছিলেন দুজনেই। সোমবার সকাল থেকেই ভোটের ময়দানে সক্রিয় দেখা গেল দুই দলের দুই তারকা প্রার্থীকে। সকাল থেকেই বিভিন্ন বুথ পরিদর্শনে বেরিয়ে পড়েন তারা। সকালেই আইপ্যাকের বিরুদ্ধে টাকা বিলি করার অভিযোগ তোলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। যদিও তার সেই অভিযোগ ধোপে টেকেনি। ভোট শুরুর কয়েক ঘন্টার মধ্যে উত্তেজনা ছড়ায় ধনেখালি ২ ব্লকের বোসো প্রাথমিক বিদ্যালয়ে৷ বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় অভিযোগ করেন, ওই বুথে ভোটার সহায়তা কেন্দ্রের নামে আশাকর্মীদের দিয়ে ভোটারদের প্রভাবিত করছে তৃণমূল৷ যদিও অভিযোগ অস্বীকার করেন তৃণমূলের তারকা প্রার্থী। বিজেপি প্রার্থীর এই আবেদন অবশ্য নাকচ করে দেয় কমিশনও। ধনিয়াখালিতে বাঁধার মুখে পড়তে হয় লকেট চট্টোপাধ্যায়কে। বিদায়ী বিজেপি সাংসদকে দেখে ‘ডাকাত-ডাকাত’ স্লোগান দিতে থাকেন অসীমা পাত্র ও তৃণমূল কর্মী সমর্থকরা। অসীমাকেও পাল্টা চোর বলে কটাক্ষ করতে ছাড়েননি হুগলির বিজেপি প্রার্থী। সব মিলিয়ে তৃণমূল বিধায়কের বাড়ির সামনে নাটকীয় পরিস্থিতির তৈরি হয়। কয়েক মিনিট ধরে চলে স্লোগান এবং পাল্টা স্লোগান। অসীমা কটাক্ষ করে বলেন, হার নিশ্চিত জেনে অশান্তি পাকানোর চেষ্টা করছেন বিজেপি প্রার্থী। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে ভোট লুটের অভিযোগ করেন লকেট।
হলুদ শাড়ি, গেরুয়া উত্তরীয় পরে বুথে বুথে ঘুরে বেড়াতে দেখা গেল লকেট চট্টোপাধ্যায়কে। কখনও ভুয়ো ভোটার ধরলেন আবার কখনও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে জড়ালেন তুমুল বচসায়। অন্যদিকে নীল রঙের শাড়িতে তারকা সুলভ আচারণ ছেড়ে অনেকটা রাজনীতিক সুলভ আচারণে ধরা দিলেন পর্দার দিদি নম্বর ওয়ান। দলনেত্রীর ছবি দেওয়া হোর্ডিং রাস্তায় লুটোপুটি খাচ্ছে দেখে এগিয়ে গেলেন। দলীয় কর্মীদের নির্দেশ দিলেন সেটি ঠিক জায়গায় রাখতে। আবার পাণ্ডুয়ার চৌবেড়া প্রাথমিক বিদ্যালয়ের বুথে লোডশেডিংয়ে ভোটগ্রহণ চলছে দেখে ক্ষুব্ধ হতেও দেখা যায় তৃণমূলের অভিনেত্রী প্রার্থীকে। বিপক্ষ শিবিরে দুজন তারকা প্রার্থী। কিন্তু তাতে বিশেষ আমল দিতে রাজি নন এই কেন্দ্রের কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী মনোদীপ ঘোষ। সকালে ভোটদানের পর তিনি জানিয়ে দেন, “নির্বাচন রাজনৈতিক সংগ্রাম এখানে তারকা বলে কিছু নেই”। পাশাপাশি এই লড়াইয়ে যে জোটও রয়েছে সেকথা স্পষ্ট করে জানিয়ে দেন তিনি।
এই আসনটি জিতে কী নরেন্দ্র মোদিকে উপহার দিতে পারবেন লকেট চট্টোপাধ্যায়? নাকি দিদির মন্ত্রে এই আসনে বাজিমাৎ করবেন টেলিভিশনের দিদি নম্বর ওয়ান? দুই তারকা প্রার্থীর লড়াইয়ে কী নির্ধারক ভূমিকা নিতে পারবে বাম-কংগ্রেস জোট? উত্তর মিলবে চার তারিখ।


More Stories
অভিষেকের জন্য জেলে গিয়েছিলাম : অনুব্রত
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ
কালীঘাটের তৃণমূলকে স্বস্তি দিল শহীদ দিবস পালনের অনুমতি