সময় কলকাতা ডেস্ক, ২৮ মেঃ সপ্তম দফা লোকসভা ভোটের আগে ফের রাজ্য পুলিশে রদবদল করল নির্বাচন কমিশন। মঙ্গলবার কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, শেষ দফা ভোটের আগেই রাজ্যের তিন পুলিশ আধিকারিককে সরিয়ে দেওয়া হচ্ছে। শনিবার, সপ্তম দফা ভোটে নতুন অফিসারদের আইনশৃঙ্খলা রক্ষার ভার দেওয়া হবে। জানা গিয়েছে, বসিরহাট লোকসভা কেন্দ্রের দুই পুলিশ আধিকারিককে সরানো হয়েছে ভোটের কাজ থেকে। বুধবারের মধ্যে তা নির্বাচন কমিশনকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের (Election Commission of India) বিজ্ঞপ্তি অনুযায়ী, সুন্দরবনের পুলিশ সুপার কোটেশ্বর রাও নলবথ, বসিরহাট পুলিশ জেলার অন্তর্গত মিনাখাঁর এসডিপিও আমিনুল ইসলাম খান এবং রহড়া থানার আইসি দেবাশিস সরকারকে সরানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, তিন পুলিশ আধিকারিককে ভোটের কোনও কাজে ব্যবহার করা যাবে না। তাঁদের বদলি হিসেবে রাজ্যের কাছে বিকল্প নাম চেয়ে পাঠানো হয়েছে রাজ্যের কাছে।
উল্লেখ্য, সন্দেশখালি ইস্যুতে বসিরহাটের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ উঠেছিল। কার্যত সে কারণেই সপ্তম দফার ভোটের আগে মিনাখাঁর এসডিপিও এবং সুন্দরবনের এসপি-কে ভোটের কাজ থেকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। সূত্র মারফত জানা গিয়েছে, যে সমস্ত লোকসভা ভোট শেষ দফায় হচ্ছে, সেই সব এলাকা থেকেই এই পুলিশ কর্তাদের বদলি করা হয়েছে। মিনাখাঁর এসডিপিওর কর্মপরিধি ছিল বসিরহাট লোকসভার মধ্যে। তাঁকে সেই দায়িত্ব থেকে সরানো হয়েছে। জয়নগর ও মথুরাপুর লোকসভা এলাকার পুলিশ সুপারের দায়িত্বে ছিলেন কোটেশ্বর। আবার দমদম লোকসভার অধীন রহড়া থানায় কর্মরত ছিলেন আইসি দেবাশিস। এই জায়গায় কাদের পাঠানো হবে, রাজ্যকে তাঁদের নাম সুপারিশ করতে বলা হয়েছে।
#LoksabhaElection2024
#Latestbengalinews
#লোকসভানির্বাচন২০২৪


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
মমতা -অভিষেককে ৩০ হাজার করে ভোটে হারাতে না পারলে নাকখত দেবেন হুমায়ুন কবীর