Home » Mamata Banerjee: ‘আমি সব ছেড়ে কী করে যাব’? ১ জুন দিল্লিতে ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে থাকছেন না মমতা

Mamata Banerjee: ‘আমি সব ছেড়ে কী করে যাব’? ১ জুন দিল্লিতে ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে থাকছেন না মমতা

সময় কলকাতা ডেস্ক, ২৮ মেঃ লোকসভা নির্বাচনের শেষ দফা ভোটের দিনই বৈঠক ডেকেছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। জানা গিয়েছে, আগামী ১ জুন দিল্লিতে ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক হবে। সূত্রের খবর, জোটের ভবিষ্যৎ কী, তা স্থির করতেই এই বৈঠক ডাকা হয়েছে। লোকসভা নির্বাচনে জোটের পারফরম্যান্স, তা পর্যালোচনা করেই ইন্ডিয়া জোটের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা ঠিক করা হবে এই ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে। জোটের সমস্ত শরিকি দলকে এই বৈঠকে অংশ নিতে বলা হয়েছে। 

আরও পড়ুন   ঘূর্ণিঝড় ও দুর্যোগের জেরে মঙ্গলেও ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৫ জেলায়

‘ইন্ডিয়া’ জোটের ওই বৈঠকে তৃণমূলের থাকার কথাও উল্লেখ করেছেন কংগ্রেস। তবে শেষ দফা ভোটের আগে মমতা স্পষ্ট জানিয়ে দিলেন, তিনি ইন্ডিয়া জোটের বৈঠকে যাবেন না। কেননা ওইদিন বাংলার একাধিক গুরুত্বপূর্ণ আসনে রয়েছে শেষ দফার ভোট। সোমবার উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রচার সভায় গিয়ে মমতা বলেন, ‘আমি জানিয়ে দিয়েছি ১ তারিখ যেতে পারব না। ওই দিন এখানে অনেকগুলো আসনে ভোট আছে। সব শেষ হতে রাত ১০ টা বেজে যাবে। আমি সব ছেড়ে কী করে যাব!’ সূত্রের খবর, শুধু মুখ্যমন্ত্রী নন, বিরোধী জোটের বৈঠকে তৃণমূলের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন না।

প্রসঙ্গত, একদিকে যেমন রয়েছে এনডিএ, অন্যদিকে রয়েছে ইন্ডিয়া জোট। শাসক ও বিরোধী জোটের মধ্যে এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষ পর্যায়ে এসেই হঠাৎ বৈঠকের ডাক ইন্ডিয়া জোটের। আগামী ১ জুন, লোকসভা নির্বাচনের শেষ দফার দিনই বৈঠক ডেকেছে ইন্ডিয়া জোট। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জেলে ফেরার ঠিক আগেরদিনই এই বৈঠকের আয়োজন করা হয়েছে। আবগারী নীতি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন কেজরিওয়াল। সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী জামিন পেয়েই ভোটের মাঝে জেল থেকে বের হন কেজরিওয়াল। ইন্ডিয়া জোটের হয়ে তিনি বিভিন্ন রাজ্যে প্রচারও চালান। আগামী ২ জুন তাঁর জামিনের মেয়াদ শেষ হচ্ছে। তার আগেরদিনই বৈঠক ইন্ডিয়া জোটের। সেই বৈঠকেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অংশ নেবেন না বলেই জানিয়ে দিলেন।

#MamataBanerjee

#Latestbengalinews

#’India’alliancemeeting

#ArvindKejriwal

About Post Author