সময় কলকাতা ডেস্ক, ৩ জুনঃ আমুলের পর এবার মাদার ডেয়ারিও বাড়াল দুধের দাম। রবিবারই আমুল সংস্থাও তাদের সমস্ত দুধের দাম ২ টাকা করে বাড়ায়। আর এবার আমুলের মতোই প্রতি লিটারে ২ টাকা করেই দাম বৃদ্ধি করল মাদার ডেয়ারি। দিল্লি-এনসিআর সহ অন্য বাজারগুলোতেও দুধের দাম বৃদ্ধি করা হচ্ছে। একইসঙ্গে দইয়ের দামও বাড়ানো হয়েছে। সোমবার থেকেই নতুন এই দাম কার্যকর হচ্ছে।
লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার একদিন আগে দেশের দুই বড় দুগ্ধ বিক্রয়কারী সংস্থা দুধের দাম বাড়ানোর কারণে কার্যত সাঁড়াশির চাপে আমজনতা। তবে, সংস্থার তরফে জানানো হয়েছে, প্রচণ্ড গরমে দুধের উৎপাদনে প্রভাব পড়েছে। উৎপাদনের খরচও বিপুল পরিমাণে বাড়ার কারণেই ১৫ মাস পর মাদার ডেয়ারি দুধের দাম বাড়ানো হল।
মাদার ডেয়ারি সংস্থার তরফে সোমবার জানানো হয়েছে, ৩ জুন থেকে মাদার ডেয়ারির দুধের দাম লিটার প্রতি ২ টাকা বাড়ানো হচ্ছে। এর ফলে নতুন রেট অনুযায়ী, এবার থেকে মাদার ডেয়ারির ফুল ক্রিম দুধ কিনতে লিটার প্রতি ৬৮ টাকা পড়বে। টোনড দুধের নতুন দাম লিটার প্রতি ৫৬ টাকা এবং ডবল টোনড দুধের দাম লিটার প্রতি ৫০ টাকা পড়বে। অন্যদিকে, গরুর দুধের দাম লিটার প্রতি ৫৮ টাকা এবং মোষের দুধের দাম লিটার প্রতি ৭২ টাকা ধার্য করা হয়েছে। মাদার ডেয়ারি সংস্থা জানিয়েছে, উৎপাদনের খরচ বাড়লেও, গ্রাহকদের কথা মাথায় রেখে এতদিন দুধের দাম বাড়ানো হয়নি। কিন্তু, এবার উৎপাদনের খরচ ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ার কারণে মাদার ডেয়ারি দুধের দাম বাড়ানো হল।
#MilkPriceRising
#দুধেরদামবাড়ালমাদারডেয়ারি
#Latestbengalinews


More Stories
রেল বেসরকারিকরণ রুখতে সর্বভারতীয় কনভেনশনের ডাক দিল সিটু
আমাজন, ফ্লিপকার্টের গুদামে ১৫ ঘণ্টা তল্লাশি, বাজেয়াপ্ত লক্ষ লক্ষ টাকার নকল সামগ্রী! মিক্সার, গ্রাইন্ডার, গিজার-সহ বহু নকল ইলেকট্রনিক জিনিসপত্র বাজেয়াপ্ত
রক্তক্ষরণ অব্যাহত, সব রেকর্ড ভেঙে ডলারের তুলনায় রুপির দর ৮৬.৩৯!