Home » Lionel Messi vs Kylian Mbappe: ইউরো ও কোপা আমেরিকা শুরুর এক সপ্তাহ আগে বাকযুদ্ধে মেসি ও এমবাপ্পে

Lionel Messi vs Kylian Mbappe: ইউরো ও কোপা আমেরিকা শুরুর এক সপ্তাহ আগে বাকযুদ্ধে মেসি ও এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৩ জুনঃ আগামী সপ্তাহ থেকে শুরু হতে চলেছে দুই মহাদেশে ফুটবল সেরা হওয়ার যুদ্ধ। ১৪ জুন থেকে শুরু হতে চলেছে উয়েফা ইউরো কাপ বা ইউরোপ সেরা হওয়ার লড়াই। অন্যদিকে আগামী ২০ জুন থেকে শুরু হতে চলেছে কোপা আমেরিকা বা লাতিন আমেরিকা সেরা হওয়ার লড়াই। তার আগেই বাকযুদ্ধে জড়ালেন দুই মহাদেশের দুই সেরা তারকা। কিছুদিন আগেই কিলিয়ান এমবাপ্পে জানিয়েছিলেন, বিশ্বকাপের থেকে কঠিন প্রতিযোগিতা ইউরো কাপ।  ফ্রান্সের তারকাকে এ বার পাল্টা দিলেন লিওনেল মেসি। দুই তারকার বাকযুদ্ধে সরগরম বিশ্বফুটবল।

বিশ্বকাপ নাকি ইউরো কাপ? কোনটা কঠিন? এই প্রশ্নের উত্তরে কিলিয়ান এমবাপ্পে জানিয়েছিলেন, ইউরো কাপ জেতা কঠিন। কারণ, এই প্রতিযোগিতায় ইউরোপের সেরা দলগুলি অংশ নেয়। যারা বিশ্বফুটবলেও প্রথম সারির দল বলেই পরিচিত। ফলে এই প্রতিযোগিতা মানের দিক থেকেও অনেক উন্নত। কিন্তু এমবাপ্পের এই সিদ্ধান্তকে নস্যাৎ করে দিলেন বিশ্বফুটবলের আর এক মহাতারকা লিওনেল মেসি।  আর্জেন্টিনার সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “ও (এমবাপ্পে) বলেছে, লাতিন আমেরিকার ফুটবলের মান নাকি ইউরোপের থেকে ভাল নয়। সবাই ওদের খেলাকেই নাকি গুরুত্ব দেয়। আমিও অস্বীকার করছি না ইউরো কঠিন। কিন্তু সেই প্রতিযোগিতায় দশ বারের বিশ্বজয়ীরা খেলে না। তিন বারের বিশ্বজয়ী আর্জেন্টিনা, পাঁচ বারের বিশ্বজয়ী ব্রাজিল, দু’বারের বিশ্বজয়ী উরুগুয়ে নেই এই প্রতিযোগিতায়।” তারপর মেসি সংযোজন করেন, “এতবারের বিশ্বজয়ীরা না থাকলেও তাদের দাবি ইউরো কাপ সেরা। বিশ্বের সেরা দলগুলি নিয়ে বিশ্বকাপ হয়। সব বিশ্বজয়ীরাই সেখানে থাকে। এটা থেকে পরিস্কার কোন প্রতিযোগিতা সেরা, কোনটার মান ভাল।”

আরও পড়ুনঃ T20 World Cup: রাদারফোর্ডের ঝোড়ো ব্যাটিং, নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সুপার আটে উইন্ডিজ ব্রিগেড

প্রসঙ্গত লাতিন আমেরিকার ফুটবলের মান নিয়ে আগেও প্রশ্ন তুলেছিলেন কিলিয়ান এমবাপ্পে। তিনি বলেছিলেন, “লাতিন আমেরিকার ফুটবল ইউরোপের মত এত উন্নত নয়। কারণ, বিশ্বের সব প্রতিযোগিতায় ইউরোপীয় ফুটবলের প্রাধান্য।” ২০২২ কাতার বিশ্বকাপকে ধরলে মোট ২২ টি বিশ্বকাপের আসর বসেছে। তার মধ্যে ১২ বার জয়ী হয়েছে ইউরোপের দলগুলি। জার্মানি ও ইতালি জয়ী হয়েছে ৪ বার করে। এমবাপ্পের দেশ ফ্রান্স জয়ী হয়েছে মোট ২ বার। স্পেন ও ইংল্যান্ড ১ বার করে চ্যাম্পিয়ন হয়েছে। পিছিয়ে নেই লাতিন আমেরিকাও। ব্রাজিল একাই মোট ৫ বার বিশ্বকাপ জিতেছে। মেসির দেশ আর্জেন্টিনা জয়ী হয়েছে ৩ বার। এছাড়াও উরুগুয়ে মোট ২ বার চ্যাম্পিয়ন হয়েছে।  

 

About Post Author