Home » T20 World Cup 2024 : ১০১ বল বাকি থাকতে জয়, ওমানকে ধরাশায়ী করল ইংল্যান্ড

T20 World Cup 2024 : ১০১ বল বাকি থাকতে জয়, ওমানকে ধরাশায়ী করল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৪ জুনঃ চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম দুটি ম্যাচে জয়ের দেখা পায়নি ইংল্যান্ড। স্কটল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ ভেস্তে যায় বৃষ্টির জন্য। দ্বিতীয় ম্যাচে অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে হারতে হয় বড় ব্যবধানে। ফলে সুপার আটে ওঠার লড়াইটা কঠিন হয় জস বাটলারদের সামনে। এবার কিছুটা অক্সিজেন পেলেন তাঁরা। নিজেদের তৃতীয় ম্যাচে জয়ে ফিরল ইংরেজরা। ১০১ বল বাকি থাকতে ৮ উইকেট হাতে নিয়ে জিতল তারা। প্রথমে ব্যাট করে ১৩.২ ওভারে মাত্র ৪৭ রানে গুটিয়ে যায় ওমানের ইনিংস। সেই রান তাড়া করতে ইংল্যান্ডের ব্যাটাররা নিলেন মাত্র ৩.১ ওভার।

টসে জিতে প্রথমে ওমানকে ব্যা করতে পাঠান ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। অ্যান্টিগুয়ার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামের ২২ গজে শুরু থেকে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়তে হয় ক্রিকেটে নবাগত দেশ ওমানকে। দশজন ব্যাটারকেই ফিরতে হয় এক অঙ্কের রান করে। দলের হয়ে সর্বাধিক ১১ রান করেন শোয়েব খান। ইংল্যান্ডের এদিনের সফলতম বোলার আদিল রাশিদ। ১১ রান দিয়ে নিলেন ৪ উইকেট। ৩ টি করে উইকেট পান জফ্রা আর্চার ও মার্ক উড।  ৪৮ রান তাড়া করতে নেমে বিশেষ বেগ পেতে হয়নি ইংল্যান্ডকে। প্রথম দুটি বলে দুটি ছক্কা হাঁকান ফিল সল্ট। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে এই ঘটনা বিরল। যদিও তৃতীয় বলেই তিনি আউট হয়ে যান। তিন নম্বরে নেমে ৭ বলে ৫ রান করে আউট হন উইল জ্যাকস। দুই ওভারে দুটি উইকেট হারালেও চাপে পড়তে হয়নি ইংল্যান্ডকে। জস বাটলার ও জনি বেয়ার্স্ট্রো দলের হয়ে বাকি রান তুলে মাঠ ছাড়েন। ৮ বলে ২৪ রানে অপরাজিত থাকেন ইংল্যান্ড অধিনায়ক। ২ বলে ৮ রান করেন বেয়ার্স্ট্রো।

আরও পড়ুনঃ Lionel Messi vs Kylian Mbappe: ইউরো ও কোপা আমেরিকা শুরুর এক সপ্তাহ আগে বাকযুদ্ধে মেসি ও এমবাপ্পে

ইংল্যান্ড ও ওমান ম্যাচ সাক্ষী থাকল অনেকগুলি নতুন নজিরের। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে সব থেকে বেশী বল হাতে নিয়ে জয়ের রেকর্ড এত দিন ছিল শ্রীলঙ্কার দখলে। ২০১৪ সালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৯০ বল বাকি থাকতে জিতে নেয় লায়ন্সরা। বৃহস্পতিবার সেই রেকর্ড ভেঙে দিল থ্রি লায়ন্সরা। পাশাপাশি, অতীতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৭০ বল বাকি থাকতে জিতেছিল ইংল্যান্ড। নিজেদের সেই রেকর্ডও নিজেরাই ভেঙে দিল। ১০১ বল বাকি থাকতে জয় নিশ্চিত করল বাটলার ব্রিগেড।

About Post Author