Home » T20 World Cup: রাদারফোর্ডের ঝোড়ো ব্যাটিং, নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সুপার আটে উইন্ডিজ ব্রিগেড

T20 World Cup: রাদারফোর্ডের ঝোড়ো ব্যাটিং, নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সুপার আটে উইন্ডিজ ব্রিগেড

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৩ জুনঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফের স্বমেজাজে ওয়েস্ট ইন্ডিজ। গত বার প্রতিযোগিতার যোগ্যতা অর্জনই করতে পারেনি তারা। কিন্তু এ বার উইন্ডিজ ব্রিগেড পেয়ে গেল সুপার আটে খেলার ছাড়পত্র। চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বে টানা তৃতীয় ম্যাচ জিতলেন আন্দ্রে রাসেলরা। বৃহস্পতিবার তাঁরা হারিয়ে দিলেন নিউ জিল্যান্ডকে। ক্যারিবিয়ান দল জিতল ১৩ রানে। এই হারের ফলে প্রতিযোগিতা থেকে অনেকটাই ছিটকে গেল ব্ল্যাকক্যাপর।

সি গ্রুপের ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন। অধিনায়কের সিদ্ধান্তের প্রতি সুবিচার করলেন বোলাররা। নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় উইন্ডিজ ব্রিগেড। ৬.৩ ওভারে ৩০ রানে ৫ উইকেট হারায় তারা। প্রথম পাঁচ ব্যাটারের মধ্যে কিছুটা লড়াই করলেন নিকোলাস পুরান। ষষ্ঠ উইকেটে ২৮ রানের জুটি গড়ে ক্যারিবিয়ানদের সাময়িক স্বস্তি দিলেন শেফরান রাদারফোর্ড ও আকিল হুসেইন। ১৭ বলে ১৫ রান করে আকিল ফিরলেও দলকে টানলেন রাদারফোর্ড। রোমারিও শেপার্ড ও আন্দ্রে রাসেলকে সঙ্গী করে প্রায় একাই লড়াই করলেন। ১৮ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১২ রান তুলেছিল উইন্ডিজ। শেষ দুই ওভারে সেই রানকে ১৪৯ এ নিয়ে গেলেন রাদারফোর্ড। ৩৯ বলে ৬৮ রানের অনবদ্য ইনিংস করে অপরাজিত রইলেন তিনি। নিউজিল্যান্ডের সফলতম বোলার ট্রেন্ট বোল্ট। ১৬ রান দিয়ে নিলেন ৩ উইকেট। লকি ফার্গুসন ও টিম সাউদিও দুটি করে উইকেট নিলেন।

রান তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি কিউইদের। সাত ওভারের মধ্যে তিনটি উইকেট হারায় তারা। ফিন অ্যালেন ও রচিন রবীন্দ্র শুরুটা ভাল করেছিলেন। কিন্তু যে বড় রানের জুটির দরকার ছিল সেটা গড়তে পারেননি। ২৩ বলে ২৬ রান করে আউট হন অ্যালেন। ১৩ বলে ১০ রান করেন রবীন্দ্র। কিছুটা লড়াই করলেন গ্লেন ফিলিপস। ৩৩ বলে ৪০ রান করেন তিনি। ৩ টি চার ও ২ টি ছয় মারেন। আলজেরি জোসেফের বলে ফিলিপস আউট হতে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছিল। শেষ ওভারে কিউইদের জয়ের জন্য দরকার ছিল ৩৩ রান। রোমারিয়ো শেফার্ডের ওভারে তিনটি ছয় মারেন মিচেল স্যান্টনার।কিন্তু দলকে জেতানোর জন্য তা যথেষ্ট ছিল না। উইন্ডিজের হয়ে ১৭ রানে ৪ উইকেট নিলেন আলজারি যোশেফ। গুড়াকেশ মোতি নিলেন ৩ উইকেট। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন রাদারফোর্ড।

আরও পড়ুনঃ T20 World Cup: বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিক, সুপার আটের ছাড়পত্র পেয়ে গেল ভারত

এই জয়ের ফলে তিন ম্যাচে ৬ পয়েন্ট পেয়ে সি-গ্রুপের শীর্ষে ওয়েস্ট ইন্ডিজ। সেখানে দুটি ম্যাচের দুটিতে হেরে এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনিনিউ জিল্যান্ড। তাদের হাতে রয়েছে দু’টি ম্যাচ। দুটিতেই জিতলে তাদের পয়েন্ট হবে ৪। ইতিমধ্যেই এই গ্রুপে ৪ পয়েন্ট পেয়ে দ্বিতীয়স্থানে রয়েছে আফগানিস্তান। তাদেরও দু’টি ম্যাচ বাকি। তার মধ্যে পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে খেলবেন রশিদ খানরা। সেই ম্যাচে তাঁরা জিতলে আর কোনও ভাবেই পরের পর্বে যেতে পারবে না নিউ জিল্যান্ড।

About Post Author