Home » UEFA Euro 2024 : বেলিংহামের গোলে সার্বিয়া টেস্টে পাস করল ইংল্যান্ড

UEFA Euro 2024 : বেলিংহামের গোলে সার্বিয়া টেস্টে পাস করল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৭ জুনঃ জয় দিয়ে ইউরো কাপ অভিযান শুরু করল ইংল্যান্ড । সার্বিয়াকে ১-০ গোলে হারিয়ে দিল তারা। দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন জুড বেলিংহাম। ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লেও এদিন কঠিন প্রতিদ্বন্দ্বীতার মুখে পড়তে হয় গ্যারেথ সাউথগেটের ছেলেদের।

রবিবার ভারতীয় সময় মধ্যরাতে ভেল্টিন্স অ্যারেনাতে সি গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে সার্বিয়ার মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড । মনে করা হচ্ছে চলতি ইউরো কাপে ট্রফি জয়ের অন্যতম দাবিদার থ্রি লায়ন্সরা। তাই গ্যারেথ সাউথগেট বাহিনীর এই ম্যাচের দিকে নজর ছিল ফুটবল বিশ্বের। জুড বেলিংহাম, বুকায়ো সাকা, ফিল ফডেনের মত দলে একাধিক এমন ফুটবলার রয়েছেন দলে, যারা যে কোনও সময় ম্যাচের রং বদলে দিতে পারেন। কিন্তু সেই দলকেও রবিবার ভাল বেগ দিল সার্বিয়া। যদিও ম্যাচের শুরু থেকে ইংল্যান্ড ফুটবলারদের পায়েই বল ছিল বেশি। প্রতিপক্ষ নিজেদের গুছিয়ে নেওয়ার আগেই গোল পেয়ে যায় তারা। ডান প্রান্ত থেকে ক্রস করেছিলেন সাকা। সেই বল বিপক্ষের ডিফেন্ডারের পায়ে লেগে কিছুটা উঠে যায়। কিন্তু সেই বলটি গিয়ে পৌঁছয় সার্বিয়ার বক্সে। পিছন থেকে দৌড়ে এসে ছোঁ মেরে সেই বল জালে জড়িয়ে দেন জুড বেলিংহাম। সদ্য সমাপ্ত মরশুমে রিয়াল মাদ্রিদের হয়ে দুরন্ত ফুটবল খেলেছেন তিনি। ইউরো কাপে দেশের প্রথম গোলটি এল সেই বেলিংহ্যামের কাছ থেকেই।

গোলের পর কিছুটা তাল কাটে ইংল্যান্ডের খেলায়। বোঝাপড়ার অভাব দেখা যায় ফুটবলারদের মধ্যে।  বিনা চাপেও নিজেদের মধ্যে ভুল পাস খেলে বিপক্ষের পায়ে বল তুলে দেন ইংরেজ ফুটবলাররা। সেই সুযোগকে কাজে লাগিয়ে আক্রমণের চাপ বাড়ায় সার্বরা। সামনে আলেকজান্ডার মিত্রোভিচকে রেখে দুই প্রান্ত দিয়ে আক্রমণ হচ্ছিল। কিন্তু প্রান্তকেন্দ্রিক আক্রমণগুলি দানা বাঁধছিল না। মিত্রোভিচও কয়েকটি সুযোগ নষ্ট করেন।

আরও পড়ুনঃ UEFA Euro 2024: হাঙ্গেরির বিরুদ্ধে বড় ব্যবধানে জয় সুইজারল্যান্ডের

দ্বিতীয়ার্ধেও ইংল্যান্ড শিবিরকে চাপে রেখেছিল সার্বিয়া। স্যাভিচ, ভ্লাহোভিচরা অত্যন্ত পরিশ্রমী ফুটবল খেলেন। ইংল্যান্ডের ফুটবলারদের পায়ে বল গেলেই একসঙ্গে দুই তিনজন ফুটবলার সেই বলকে তাড়া করছিলেন। ফলে বারবার বিপাকে পড়তে হচ্ছিল ফোডেন, বেলিংহামদের। ৫৯ মিনিটে পেনাল্টির আবেদন করে সার্বিয়া। মিত্রোভিচকে পিছন থেকে ধাক্কা মারেন কিয়েরান ট্রিপিয়ার। কিন্তু সেই আবেদনে কর্ণপাত করেননি রেফারি। ৭৮ মিনিটে হ্যারি কেনের হেড পোস্টে লেগে না ফিরলে ব্যবধান বাড়িয়ে নিতে পারত ইংল্যান্ড। ৮৩ মিনিটে ভ্লাহোভিচের শট বাঁচিয়ে দলকে ৩ পয়েন্ট পেয়ে মাঠ ছাড়তে বড় ভূমিকা নেন ইংল্যান্ড গোলরক্ষক জর্ডন পিকফোর্ড।

About Post Author