স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৬ জুনঃ বড় ব্যবধানে জয় দিয়ে ইউরো কাপে যাত্রা শুরু সুইজারল্যান্ডের। কোলনের রাইনএনার্জি স্ট্যাডিয়ন স্টেডিয়ামে হাঙ্গেরিকে ৩-১ গোলে হারিয়ে দিল তারা। দলের হয়ে গোলগুলি করেন কাদোহ দুয়াহ, মিচেল এবিশার ও ব্রিল এমবোলো। হাঙ্গেরির হয়ে একটি গোল শোধ করেন বার্বাস ভার্গা। এই জয়ের পর এ গ্রুপের দুই নম্বরে উঠে এল সুইসরা।

একটা সময় বিশ্ব ফুটবলে আধিপত্য ছিল হাঙ্গেরির। সৌজন্যে ফেরেঞ্জ পুসকাস। আজ সেই গরিমা নেই। কিন্তু বর্তমানে হাঙ্গেররি দলে এমন কিছু ফুটবলার আছেন যারা ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারেন। তাদের মধ্যে রয়েছেন লিভারপুল তারকা ডমিনিক সোবোসজলাই, লিপজিগ তারকা উইলি ওরবানরা। কিন্তু শনিবার এদের মধ্যে কেউই নজর কাড়তে পারলেন না। বরং নব্বই মিনিট মাঠে দাপট দেখাল সুইস বাহিনী। পরিসংখ্যানের দিক থেকেও সুইজারল্যান্ডের ফুটবলাররা টেক্কা দিল হাঙ্গেরিকে। ম্যাচের ৫১ শতাংশ বল ছিল তাদের দখলে। ১৫ টি শটের মধ্যে ৭ টি গোলমুখী শটও মারেন তারা।
আরও পড়ুনঃ UEFA Euro 2024: স্পেনের তরুণ ব্রিগেডের বিরুদ্ধে অসহায় আত্মসমর্পণ ক্রোয়েশিয়ার
খেলা শুরুর ১২ মিনিটের মাথায় সুইজারল্যান্ডের গোলের খাতা খোলেন কাদোহ দুয়াহ। এবিশারের ক্রস থেকে গোল করেন তিনি। ২১ মিনিটে ম্যাচে সমতায় ফিরতে পারত হাঙ্গেরি। ভার্গাসের শট দক্ষতার সঙ্গে রুখে দেন অভিজ্ঞ সুইস গোলরক্ষক ইয়ান সমার। ৩৯ মিনিটে আরও একটি সহজ সুযোগ পেয়েছিল পুসকাসের দেশ। কিন্তু কাজে লাগাতে পারেনি। উল্টে প্রথমার্ধের শেষদিকে গোলের ব্যবধান বাড়িয়ে নেয় সুইসরা। ডি বক্সের বাইরে থেকে চোখ ধাঁধানো শটে গোল করেন এবিশার। প্রথম গোলের ক্ষেত্রে তিনি গোলের পাস বাড়িয়েছিলেন। দলের দ্বিতীয় গোলটি এল তাঁর পা থেকেই।
আরও পড়ুনঃ UEFA Euro 2024: আর্মান্দো সাদিকুর দেশের বিরুদ্ধে কষ্টার্জিত জয় ইতালির
দ্বিতীয়ার্ধেও আক্রমণের গতি ধরে রাখে সুইস শিবির। ৪৮ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি পেয়ে যেতে পারতেন দুয়াহ। কিন্তু তাঁর শট বাঁচিয়ে দেন হাঙ্গেরির গোলরক্ষক। দুই গোলে পিছিয়ে পড়ে গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে হাঙ্গেরি। ফলও পায়। ৬৬ মিনিটে ক্রস থেকে হেডে একটি গোল শোধ করেন বার্বাস ভার্গা। সেই গোল পেয়ে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে হাঙ্গেরি। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। উল্টে দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময়ে সুইজারল্যান্ডের জয় নিশ্চিত করেন এমবোলো। শেষ পর্যন্ত তারা মাঠ ছাড়েন ৩-১ গোলে জিতে।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার