Home » UEFA Euro Cup 2024 : আলবেনিয়ার বিরুদ্ধেও ড্র, ইউরো থেকে বিদায়ের পথে মদ্রিচরা

UEFA Euro Cup 2024 : আলবেনিয়ার বিরুদ্ধেও ড্র, ইউরো থেকে বিদায়ের পথে মদ্রিচরা

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২০ জুনঃ ২০১৮ বিশ্বকাপের ফাইনালিস্ট। ২০২২ বিশ্বকাপে তৃতীয়। চলতি ইউরো কাপে সেই ক্রোয়েশিয়ার বিদায় ঘন্টা বাজিয়ে দিল আলবেনিয়া। বি-গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্পেনের বিরুদ্ধে হেরেছিলেন মদ্রিচরা । তাই প্রতিযোগিতায় টিকে থাকতে আলবেনিয়ার বিরুদ্ধে ম্যাচটা জিততেই হত ক্রোট বাহিনীকে। কিন্তু সেই সুযোগ পেয়েও হেলায় হারাল তারা। বুধবার হ্যামবর্গের ভকপার্কস্টেডিয়নে ক্রোয়েশিয়াকে মাঠ ছাড়তে হল খেলা অমীমাংসিত রেখে। শেষ বাঁশি বাজার সময় স্কোরবোর্ড রইল ২-২।

প্রতিযোগিতায় টিকে থাকতে দুটি দলের কাছে বুধবারের ম্যাচ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ চলতি ইউরো কাপে গ্রুপ বি-কে গ্রুপ অব ডেথ বলছেন ফুটবল পণ্ডিতদের একাংশ। স্পেন, ইতালি ও ক্রোয়েশিয়ার মত শক্তিশালী দল রয়েছে এই গ্রুপেই। নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়ে স্বস্তিতে রয়েছে স্পেন ও ইতালি। ক্রোয়েশিয়া ও আলবেনিয়াকে প্রথম ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে। বুধবার এই দুই হেরে যাওয়া দলের লড়াইয়ের নিষ্পত্তি না হওয়ায় আখেরে লাভ হল দুই জয়ী দলের। কারণ বাকি দুটি ম্যাচের মধ্যে একটি করে ম্যাচ জিতলেই তারা প্রতিযোগিতার শেষ ষোলোয় পৌঁছে যাবে। কিন্তু সেই জয়ের তাগিদ দেখা গেল না ক্রোয়েশিয়ার ফুটবলারদের মধ্যে। বরং শক্তিশালী বিপক্ষের বিরুদ্ধে লড়াকু ফুটবল খেলল আলবেনিয়া। ফলও মিলল। খেলার ১১ মিনিটের মাথায় আসানির ক্রস থেকে হেড করে ক্রোয়েশিয়ার গোলরক্ষককে পরাস্ত করেন কাজিম লাসি। গোল হজম করে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা চালাতে থাকেন মদ্রিচরা । কিন্তু গোলের মুখ খুলতে পারছিলেন না তারা। ৩১ মিনিটের মাথায় প্রতি আক্রমণে ব্যবধান ২-০ করার সুযোগ ছিল আলবেনিয়ার কাছে। ক্রোয়েশিয়াকে বাঁচিয়ে দেন গোলরক্ষক লিভাকোভিচ।

আরও পড়ুনঃ T20 World Cup : সুপার আটের প্রথম ম্যাচে নামার আগে ‘বিরাট’ চিন্তায় ভারতীয় শিবির? দলে পরিবর্তনের ইঙ্গিত

দ্বিতীয়ার্ধে দলে কয়েকটি পরিবর্তন করেন ক্রোট কোচ। নামিয়ে দেন সুচিচ, পালাসিচদের। আক্রমণে ধার বাড়ে। দুই প্রান্ত ধরে আক্রমণে ঝড় তোলেন তাঁরা। ৭৪ মিনিটের মাথায় খেলায় সমতা ফেরায় ক্রোয়েশিয়া। সুচিচের পাস ধরে আলবেনিয়ার গোলকক্ষককে পরাস্ত করেন ক্রামারিচ। সেই গোলের রেশ কাটিয়ে ওঠার আগে আবার গোল হজম করে আলবেনিয়া। সুচিচের শট তাদের বিপক্ষের ডিফেন্ডার জাসুলার গায়ে লেগে জালে জড়িয়ে যায়। আত্মঘাতী গোলে ম্যাচে প্রথম বারের জন্য এগিয়ে যান মদ্রিচরা। এই ম্যাচের খলনায়ক হতে পারতেন জাসুলা। কিন্তু ভাগ্যদেবী তার সহায় ছিল। দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময়ে তিনিই আবার গোল করে দলকে সমতায় ফেরান। ম্যাচ শেষ হয় ২-২ গোলে।

About Post Author