সময় কলকাতা ডেস্ক, ২২ জুনঃ আগ্নেয়াস্ত্র নিয়ে স্কুলের ভেতরে ঢুকে দাদাগিরি ক্লাস টেনের দুই ছাত্রের। মুর্শিদাবাদের রেজিনগর থানার আন্দুলবেড়িয়া হাইস্কুলের ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্কুল চত্বরে। স্কুল সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মত শনিবারও প্রার্থনার পর শুরু হয় ক্লাস। আচমকাই শোনা যায় ক্লাস টেনের দুই ছাত্র পিস্তল নিয়ে ক্লাসে ঢুকেছে। এমনকী বন্ধুদের ডেকে ডেকে সেই পিস্তল দেখাচ্ছে তারা। সেই খবর শিক্ষকদের কানে আসে। এমনকী, স্কুলের গেটম্যানকে মারার অভিযোগ উঠেছে ওই দুই ছাত্রের বিরুদ্ধে।
বিষয়টি জানতে পেরেই শিক্ষকরা ছুটতে ছুটতে ক্লাসরুমে যান। এরপরই দুই ছাত্রকে একটা ঘরে আটকে তড়িঘড়ি খবর দেওয়া হয় রেজিনগর থানার পুলিশের কাছে। তুমুল হইচই পড়ে যায় স্কুল চত্বরে। পুলিশ স্কুলে এসে দু’জনকে আটক করে নিয়ে যায়। তবে নাবালকদের কাছে কোথা থেকে আগ্নেয়াস্ত্র এল তা জানতে ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত দুই ছাত্রের মধ্যে একজন আন্দুলবেড়িয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ভাইপো।
এ প্রসঙ্গে স্কুলের গেটম্যান জাহাঙ্গীর মোল্লা জানান, ‘ওই দুই ছাত্রের সঙ্গে পরশুদিন আমার ঝামেলা হয়। আমি ওদের ধরতেই আমায় মারধর করে। সেই সময় ওরা বলছিল আজই গেটম্যানকে শুট করে বাড়ি যাব।’এদিকে, অভিযুক্ত ছাত্র বলে, ‘আমি রাস্তার পাশ থেকে পেয়েছিলাম। বন্ধুদের দেখাচ্ছিলাম। বুঝতেই পারিনি। গেটম্যানকে মারতেই চাইনি।’
যদিও ঘটনার পর থেকেই উদ্বিগ্ন অভিভাবকরা। ইতিমধ্যেই তারা স্কুল কর্তৃপক্ষের উপর ক্ষোভ উগড়ে দিয়েছেন। তাঁদের বক্তব্য, স্কুলে নিয়মশৃঙ্খলা ঠিকমত না থাকার কারণেই এমন ঘটনা ঘটল। এই পরিস্থিতিতে ছোটদের স্কুলে পাঠাতে তারা ভয় পাচ্ছেন বলেও জানান। স্কুলের হেডমাস্টার দাবি করেন, প্রায় আড়াই হাজার পড়ুয়ার উপর সারাক্ষণ নজরদারি চালানো সম্ভব নয়। তবে এই ঘটনা থেকে শিক্ষা নিয়েই ভবিষ্যতে সিদ্ধান্ত হবে।


More Stories
মমতা -অভিষেককে ৩০ হাজার করে ভোটে হারাতে না পারলে নাকখত দেবেন হুমায়ুন কবীর
ভাষা-সন্ত্রাস : মুখ্যমন্ত্রী বনাম বিজেপি
আইনশৃঙ্খলার পাঠ : বিহারের কাছে কি পশ্চিমবঙ্গকে শিখতে হবে ?