Home » UEFA Euro Cup 2024 : গ্রিজম্যানের অবিশ্বাস্য সুযোগ নষ্টের খেসারত, নেদারল্যান্ডসের বিরুদ্ধে আটকে গেল ফ্রান্স

UEFA Euro Cup 2024 : গ্রিজম্যানের অবিশ্বাস্য সুযোগ নষ্টের খেসারত, নেদারল্যান্ডসের বিরুদ্ধে আটকে গেল ফ্রান্স

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২২ জুনঃ ফুটবল মাঠে দুই প্রতিপক্ষের নাম যখন ফ্রান্স ও নেদারল্যান্ডস, তখন লড়াই যে তুল্যমূল্য হবে, সেটাই প্রত্যাশিত। প্রিয় ফুটবলারদের দ্বৈরথ দেখার জন্য মুখিয়ে ছিল সমর্থকরাও। কিন্তু খুব সাদামাটা ভাবেই শেষ হল শুক্রবার রাতে ইউরো কাপের গ্রুপ পর্বে এই দুই দলের লড়াই। ম্যাচের ফল গোলশূন্য।

নাকের হাড় ভেঙেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। মুখে মাস্ক লাগিয়ে অনুশীলন শুরু করলেও, ডাচদের বিরুদ্ধে তাকে দলে রাখেননি ফ্রান্স কোচ দিদিয়ের দেঁশ। আন্তোনিও গ্রিজম্যান ও মার্কোস থুরামকে আক্রমণে রেখে ৪-৪-১-১ ফরম্যাটে দল সাজিয়েছিলেন তিনি। ২০১৮ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ও ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালিস্ট দলে তারকার অভাব নেই। দলে যা গভীরতা রয়েছে তা দিয়ে অনায়াসে প্রথম সারির তিনটে দল তৈরি করা যায়। কিন্তু সেই দল চলতি ইউরো কাপে নিজেদের মেলে ধরতে পারেনি এখনও। প্রথম ম্যাচে অস্ট্রিয়ার বিরুদ্ধে জিততে হয়েছিল নামমাত্র গোলে। তাও সেই গোলটি উপহার দিয়েছিলেন বিপক্ষের ফুটবলার। অন্যদিকে নেদারল্যান্ডস পিছিয়ে থেকেও জয় পেয়েছিল পোল্যান্ডের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে দুটি দলের লক্ষ্য ছিল ম্যাচ জিতে সুপার সিক্সটিনে নিজেদের জায়গা পাকা করার। কিন্তু তার তাগিদটাই দেখা গেল না। ভাল স্ট্রাইকারের অভাব ভোগাল ফ্রান্সকে। গোটা ম্যাচে আধিপত্য নিয়ে খেলেও গোল করতে পারলেন না। ৬৩ শতাংশ বলের দখল ছিল ফরাসি ফুটবলারদের পায়ে। কিন্তু ১৫ টি শটের মধ্যে মাত্র ৩ টি গোলে রাখতে পারলেন গ্রিজম্যান, অলিভিয়ের জিহুরা। অন্যদিকে ৩৭ শতাংশ বলের দখল রেখে ৮ টির মধ্যে ৪ টি গোলে শট নেয় ডাচ ফুটবলাররা। কিন্তু দিনের শেষে দুই দলের দুই গোলরক্ষক নিজেদের দূর্গ অক্ষত রাখতে সক্ষম হন।

আরও পড়ুনঃ UEFA Euro Cup 2024 : ডোনারুম্মার গ্লাভসে মানরক্ষা, একপেশে ম্যাচে ইতালিকে হারাল স্পেন

আরও পড়ুনঃ David Johnson : ব্যাঙ্গালুরুর বহুতল আবাসন থেকে পড়ে অকালে মৃত্য়ু ভারতের প্রাক্তন পেস বোলারের

ফ্রান্সের হয়ে নজরকাড়া ফুটবল খেললেন আদ্রিয়েন রাবিয়ঁ ও এনগোলো কান্ট। ডাচদের একের পর এক আক্রমণ রুখে দিলেন প্রাক্তন চেলসি মিডফিল্ডার। অন্যদিকে রাবিয়ঁ মাঝমাঠ থেকে বল তৈরি করলেন গ্রিজম্যান, থুরামদের জন্য। খেলার ১৪ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিল ফরাসি ব্রিগেড। বক্সের মধ্যে ডাচ ডিফেন্ডারদের কাটিয়ে গ্রিজম্যানকে বল বাড়িয়েছিলেন রাবিয়ঁ। ফাঁকা জালে বল জড়াতে পারেননি। বল ধরতে গিয়ে পড়ে যান আতলেতিকো মাদ্রিদের তারকা স্ট্রাইকার। দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে আবার গোল করার জায়গায় পৌঁছে গিয়েছিলেন গ্রিজম্যান। কিন্তু তার শট রুখে দিয়ে ডাচদের ম্যাচে টিকিয়ে রাখেন ভারব্রুগেন। দ্বিতীয়ার্ধে গোল পেয়ে গিয়েছিল নেদারল্যান্ডস। বক্সের বাইরে থেকে দুরন্ত শটে গোল করেন তরুণ প্রতিভা জাভি সিমন্স। কিন্তু সতীর্থ ডুমফ্রেইসের বিরুদ্ধে অফসাইড দিয়ে সেই গোল বাতিল করেন রেফারি। যা নিয়ে বিতর্কের সৃষ্ট হয়। সবশেষে দুই পয়েন্ট ফেলে রেখেই মাঠ ছাড়তে হয় দুটি দলকে।  

About Post Author