সময় কলকাতা ডেস্ক, ২২ জুনঃ কলকাতার পর এবার হাওড়ায় জল দুর্ভোগ। শনিবার অর্থাৎ আজ শহর হাওড়া পুরসভার ৫০টি ওয়ার্ডে দিনভর বন্ধ থাকবে জল সরবরাহ। সূত্রের খবর, শনিবার দুপুর সাড়ে ১২টার পর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত একটানা কাজ চলবে। রবিবার ফের স্বাভাবিক হবে পরিষেবা। যুদ্ধকালীন তৎপরতায় এই কাজ করা হচ্ছে। জানা গিয়েছে, এই সময় পাইপ লাইন মেরামত থেকে শুরু করে, ভালভ মেরামত করা ও অন্যান্য কাজ করা হবে। ইতিমধ্যেই একটি বিজ্ঞপ্তি জারি করে একথা বাসিন্দাদের জানিয়েছে হাওড়া পুরসভা।
বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, হাওড়া শহরের পদ্মপুকুর জল প্রকল্পের একটি মূল পাইপলাইনের মেরামতের কাজ করা হবে। সেই কারণেই জল সরবরাহ সাময়িক বন্ধ রাখা হচ্ছে। মূল পাইপ লাইনের সংযোগস্থলে ফাটল ধরা পড়ায় জরুরি ভিত্তিতে তা মেরামতির প্রয়োজন হয়ে পড়েছে। এদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত সেই মেরামতের কাজই করা হবে। তবে, রবিবার ভোর ৬টা থেকে জল সরবরাহ পরিষেবা স্বাভাবিক হবে বলে আশা করা হয়েছে। এই সময় সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হতে পারে বলেই দুঃখ প্রকাশ করা হয়েছে পুরসভার পক্ষ থেকে। যদিও এই সময়ে যাতে সাধারণ মানুষের সমস্যা না হয় সেই কারণে জলের গাড়ির ব্যবস্থা করে দেওয়া হয়েছে পুরসভার তরফে। জানা গিয়েছে, যুদ্ধকালীন তৎপরতায় এই কাজ শেষ করার চেষ্টা করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যেই পরিষেবা সচল করা হবে বলে আশাবাদী কর্তৃপক্ষ। এই পাইপ লাইনের সংস্কারের পর সাধারণ মানুষ সুফল পাবেন বলেই আশাবাদী পুরকর্তৃপক্ষ।
প্রসঙ্গত, একই কারণে এর আগে গত জানুয়ারী ও মার্চ মাসে হাওড়ায় জল সরবরাহ বন্ধ ছিল। বাসিন্দাদের অভিযোগ, আগে বছরে এক বা দুই বার হলেও, এখন তা বৃদ্ধি পেয়েছে। চলতি বছরে ২ মাস অন্তর অন্তর নোটিস দিয়ে জল সরবরাহ বন্ধ করে দেওয়া হচ্ছে। ফলে এই গরমে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে তাঁদের।
#HowrahMunicipality
#latestbengalinews


More Stories
গাড়ি বিস্ফোরণ : মুঘল সুলতানার আক্ষেপ, সাধের দিল্লি নগরীর কী হবে?
হাওড়ার ভাগাড়ের জঞ্জাল থেকে বিদ্যুৎ তৈরির পরিকল্পনা
পুজোর সময় শিয়ালদহ-হাওড়ার বিভিন্ন শাখায় মধ্যরাতেও চলবে বিশেষ ট্রেন