সময় কলকাতা ডেস্ক: ২৪ জুনঃ আবগারি দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে গিয়েও জামিন মিলল না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। সোমবার শীর্ষ আদালতের বিচারপতি মনোজ মিশ্র ও বিচারপতি এসভিএন ভাট্টির বেঞ্চে ছিল মামলার শুনানি। তবে, এই মামলা বিচারাধীন হওয়ার কারণে হস্তক্ষেপ করতে চাইছে না সুপ্রিম কোর্ট। আগামী ২৬ জুন হাইকোর্টের আবগারি দুর্নীতি মামলার রায় ঘোষণার কথা রয়েছে। ততদিন পর্যন্ত তিহাড়েই থাকছেন কেজরিওয়াল। এর আগে গত বৃহস্পতিবারই আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে জামিন দেয় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। ওইদিন দিল্লির নিম্ন আদালতে শুনানি ছিল। কিন্তু, এদিন সকালেই ইডি নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়। এরপর শুক্রবার হাইকোর্ট কেজরিওয়ালের জামিনের নির্দেশে সাময়িক স্থগিতাদেশ দেয়।
আরও পড়ুন নিট-নেট বিতর্কের মাঝেই এবার UPPSC পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে যোগীরাজ্যে গ্রেফতার ৬
এদিন হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, যতক্ষণ না ইডির আনা নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানানোর আবেদনের নিষ্পত্তি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আগের নির্দেশ স্থগিত থাকবে। এদিকে, বৃহস্পতিবার শুনানির সময়ে ইডির তরফে বলা হয় , মদ কেলেঙ্কারি কাণ্ডে কেজরিওয়াল ১০০ কোটি টাকা ঘুষ নিয়েছেন। সেই টাকা আম আদমি পার্টি গোয়ায় ভোট প্রচারে খরচ করেছে। অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু বলেন, সরাসরি টাকা লেনদেনের প্রমাণ পেয়েছেন তাঁরা। এই বেআইনি লেনদেনের সঙ্গে তেলঙ্গনার প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কবিতারও প্রত্যক্ষ যোগ রয়েছে। অতিরিক্ত সলিসিটর জেনারেল এও বলেন, কেজরিওয়াল জেরায় তাঁর ফোনের পাসওয়ার্ড দিতে রাজি হননি। কিন্তু ইডির এসব যুক্তি টেকেনি। শেষমেশ কেজরিওয়ালকে জামিনের নির্দেশ দিয়েছিলেন বিচারক।
ইতিমধ্যেই আবগারি দুর্নীতি মামলায় দীর্ঘ ৬ মাস পর জামিন পেয়েছেন আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং। সুপ্রিম কোর্ট তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেছিল। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি প্রসন্ন বি ভারালের বেঞ্চ সঞ্জয় সিং-কে জামিন দিয়েছে। এর আগে জামিনের আবেদন জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সঞ্জয় সিং। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায়। এরপরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি।
#আবগারিদুর্নীতিমামলা,
#LatestBengaliNews,
# Liquorcorruptioncase,
#ArvindKejriwal


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর