স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৮ জুনঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত । বৃষ্টিবিঘ্নিত সেমিফাইনালে ইংল্যান্ডকে ৬৮ রানে হারিয়ে দিলেন রোহিত শর্মারা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭১ রান তুলেছিলেন তারা। জবাবে ব্যাট করতে নেমে ১০৩ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস।

বহস্পতিবারের ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যাওয়ার আশঙ্কা ছিল। টসের আগেও দেখা যায় গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামের আউটফিল্ডে জল জমে রয়েছে। ভারতীয় সময় রাত ৮ টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও, ম্যাচ শুরু হয় রাত ৯.১৫ মিনিটে। টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠান ইংরেজ অধিনায়ক জস বাটলার। পিচের চরিত্র বুঝতে প্রথম কয়েকটা বল লাগলেন দুই ওপেনার রোহিত শর্মা ও বিরাট কোহলি। রোহিত রানের মধ্যে থাকলেও প্রতিযোগিতায় এখনও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি কোহলি। তাঁকে দলে রাখা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন খোদ প্রাক্তনীরাও। এই ম্যাচে নিন্দুকদের জবাব দিতে পারেন কিনা নজর ছিল সকলের। রিসি টপলিকে তৃতীয় ওভারে ছয় হাঁকিয়ে শুরুটা খারাপ করেননি। কিন্তু শেষটা ভাল হল না। পরের বলেই আড়াআড়ি ব্যাট চালিয়ে উইকেট ছুঁড়ে দিয়ে এলেন। তিন নম্বরে নেমে রান পেলেন না ঋষভ পন্থও। এই পরিস্থিতিতে দলের হাল ধরেন রোহিত ও সূর্যকুমার যাদব। অষ্টম ওভারে ফের বৃষ্টি শুরু হওয়ায় খেলা বন্ধ থাকে প্রায় দেড় ঘন্টা। ম্যাচ শুরু হলে দলের রানকে এগিয়ে নিয়ে যান রোহিত ও সূর্য। দুজনে ৭৩ রানের জুটি খেলে দলের ভিত মজবুত করলেন। নিজের অর্ধশতরান পূর্ণ করেন রোহিতও। ব্যক্তিগত ৩৯ বলে ৫৭ রান করে আউট হন ভারত অধিনায়ক। আদিল রাশিদের বলে আড়াআড়ি শট মারতে গিয়ে তিনিও উইকেট দিয়ে এলেন। ৩৬ বল খেলে ৪৭ রান করে ফেরেন সূর্যও। জফ্রা আর্চারের বলে বড় শট খেলতে গিয়ে আউট হন তিনি। মাঝের দিকে নেমে আগ্রাসী ব্যাটিং করলেন হার্দিক পাণ্ডিয়া। তাঁর স্বার্থহীন ইনিংস শেষ হল ১৩ বলে ২৩ রান করে। এছাড়াও ৯ বলে ১৭ রান করে অপরাজিত রইলেন রবীন্দ্র জাদেজা। ইংল্যান্ডের হয়ে ৩ উইকেট নিলেন ক্রিস জর্ডান।
আরও পড়ুনঃ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা : চোকার্স ট্যাগ মুছে ফেলার লড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে
রান তাড়া করতে নেমে শুরুর দিকে ভারতের চিন্তার কারণ হয়ে উঠেছিলেন দুই ইংরেজ ওপেনার জস বাটলার ও ফিল সল্ট। চতুর্থ ওভারে অক্ষরের বলে বাটলার ফিরতেই ইংল্যান্ডের ব্যাটিং অর্ডার তাসের ঘরের মত ভেঙে পড়ে। ভারতের ইনিংসের শেষদিকে দুই ইংরেজ স্পিনার আদিল রাশিদ ও লিয়াম লিভিংস্টোনের বল ব্যাটে আসছিল দেরিতে। পিচে যে জড়তা রয়েছে তখনই বোঝা গিয়েছিল। সেই সুযোগটা পুরো দমে কাজে লাগালেন ভারতীয় স্পিনাররা। অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদবের বলে রীতিমত নাকানিচোবানি খেল ইংরেজ ব্যাটাররা। তাদের হয়ে তিনজন কুড়ি রানের বেশি করলেন। ওপেনার জস বাটলার, হ্যারি ব্রুক ও জফ্রা আর্চার। এই তিন ব্যাটারের সৌজন্যে ১০০ রানের গন্ডি টপকাতে পারল ইংল্যান্ড। ভারতের হয়ে ৩ উইকেট করে পেলেন অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব। ২ উইকেট নিলেন জসপ্রীত বুমরা। গতবছর একটিও ম্যাচ না হেরে একদিবসীয় বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল ভারত। তার ২২৬ দিন পর আরও একটা বিশ্বকাপের ফাইনালে পৌঁছল ভারত । সেবার তীরে গিয়ে তরি ডুবেছিল। এবার কি সেই আক্ষেপ মিটবে?


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার