Home » ভারত বনাম দক্ষিণ আফ্রিকা : চোকার্স ট্যাগ মুছে ফেলার লড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা : চোকার্স ট্যাগ মুছে ফেলার লড়াই টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে

সময় কলকাতা ডেস্ক, ২৮ জুন : ভারত ও দক্ষিণ আফ্রিকা।  সেমিফাইনালে বিপক্ষকে দুরমুশ করে ফাইনালে উঠে পড়েছে দু দলই । দক্ষিণ আফ্রিকা আফগানিস্তানকে হারিয়েছে ৯ উইকেটে। ভারত ইংল্যান্ড কে হারিয়েছে  ৬৮ রানে। কেউই তাদের সঙ্গে পেরে উঠছে না। অপরাজিত থেকে দুই দলই  টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠে পড়েছে। মিল আরও আছে।সেমিফাইনালে দু দলই টসে হেরেছে। তাতে কিছু এসে যায় নি। কুড়ি ওভারের অনেক আগেই বিপক্ষকে অলআউট করে দিয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। তাদের সবচেয়ে বড় মিল,  দুই দলের নামের সঙ্গে জুড়ে রয়েছে চোকার্স তকমা। ভারতের চোকার্স নাম জুটেছে সাম্প্রতিককালে । দক্ষিণ আফ্রিকার সঙ্গে চোকার্স ট্যাগ জুড়ে আছে বরাবর। চোকার্স ট্যাগ ছিঁড়ে ফেলার জন্য শনিবার ফাইনালে মুখোমুখি হবে দুই দল। একদল পারবে, অন্যদল পারবে না। টি-টোয়েন্টি বিশ্বকাপে  জয়লাভের পাশাপাশি অপবাদ ঘোচানোর পালা ও লড়াই।

চোকার্স কথার ক্রিকেটে চলতি অর্থ তীরে এসে যাদের তরী ডোবে। গোটা টুর্নামেন্ট দুর্দান্ত খেলেও সেমিফাইনাল বা ফাইনালে পরাজিত ও পর্যুদস্ত হওয়ার ইতিহাস জড়িয়ে আছে দুই ক্রিকেট দলের সঙ্গে। তবে কপিল দেব ও এম এস ধোনির নেতৃত্বে একাধিক বিশ্বকাপ জয় করেছে ভারত। দক্ষিণ আফ্রিকার সে গুড়েবালি। সাতবার বিশ্বকাপ সেমিফাইনালে উঠেছে তারা। ফাইনালে ওঠা আর হয়ে ওঠে নি। এবার প্রথম কোনও বড় বা মেজর টুর্নামেন্টের ফাইনালে উঠেছে তারা। আর ভারত দুবার এক দিবসীয় বিশ্বকাপ জিতেছে। শেষবার সাফল্য এসেছে ২০১১ সালে। ২০০৭ সালের তারা টি২০ চ্যাম্পিয়ন। তবে ১৩ বছর ধরে তারা সেমিফাইনাল ও ফাইনালে ব্যর্থ । ২০২৩ সালের একদিনের বিশ্বকাপে একটানা জিতে ফাইনালে হেরে যায় ভারত। ২০২৩ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে  তাদের ব্যর্থতার ইতিহাস তারা ভাঙতে পারে কিনা সেটাই দেখার।

About Post Author