Home » Copa America 2024 : কোপা আমেরিকায় বড় ব্যবধানে জয় উরুগুয়ের, পানামার কাছে হার আমেরিকার

Copa America 2024 : কোপা আমেরিকায় বড় ব্যবধানে জয় উরুগুয়ের, পানামার কাছে হার আমেরিকার

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৮ জুনঃ জমে উঠেছে কোপা আমেরিকার গ্রুপ পর্বের লড়াই। শুক্রবার ছিল সি গ্রুপের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ। একদিকে আয়োজক দেশ আমেরিকা মুখোমুখি হয়েছিল পানামার। অন্যদিকে বলিভিয়ার বিরুদ্ধে নেমেছিল ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে।

এ ও বি গ্রুপ থেকে ইতিমধ্যে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে আর্জেন্টিনা ও ভেনেজুয়েলা। সি গ্রুপ থেকে এবার সেই পথে আরও একধাপ এগিয়ে গেল উরুগুয়ে। সোমবার পানামাকে ৩-১ গোলে হারিয়ে কোপা অভিযান শুরু করে সুয়ারেজের দেশ। শুক্রবার তারা হারিয়ে দিল বলিভিয়াকে। বড় ব্যবধানে জয় পেলেন লুই সুয়ারেজ, ডারউইন নুনেজরা। খেলার ফল তাদের পক্ষে ৫-০। ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলার ফাকুন্ডো পেলিস্ট্রি ৮ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন। ২১ মিনিটের মাথায় দলের ব্যবধান দ্বিগুণ করেন লিভারপুলের তারকা ডারউইন নুনেজ। বিরতির আগে ব্যবধান বাড়ানোর সুযোগ থাকলেও ২-০ গোলেই এগিয়ে ছিল উরুগুয়ে। বিরতির পর তাদের আক্রমণের সামনে টিকতে পারেনি বলিভিয়া। ৭৭ মিনিটে ম্যক্সিমিলিয়ানো আরাউজো ব্যবধান ৩-০ করেন। ৮১ মিনিটে ফের গোল পায় উরুগুয়ে। গোল করেন ফেডেরিকো ভ্যালভার্দে। ৮৯ মিনিটে বলিভিয়ার কফিনে শেষ পেরেক পুঁতে দেন  রদ্রিগো বেন্টাঙ্কুর। দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট পেয়ে লিগ শীর্ষে পৌঁছে গেল উরুগুয়ে।

অন্য ম্যাচে, আয়োজক আমেরিকাকে হারিয়ে দেয় পানামা। তাদের পক্ষে খেলার ফল ২-১। ১৮ মিনিটের মাথায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আমেরিকার টিমোথি উইহা। দশজনে বাকি সময় খলতে হয় এবারের আয়োজকদের। তবুও ম্যাচের ২২ মিনিটে ফোলারিন বালোগানের করা গোলে এগিয়ে যায় তারা। কিন্তু সেই গোল ধরে রাখতে পারেনি। ২৬ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান সেসার ব্ল্যাকম্যান। তারপর গোটা ম্যাচে আমেরিকাকে চাপে রেখেছিল পানামা। গোলের সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেনি। ৮৩ মিনিটে দলের হয়ে জয়সূচক গোলটি করেন পানামার জোসে ফাজার্দো। বাকি সময় গোলশোধের চেষ্টা করেও সফল হয়নি আয়োজক দেশ। ৮৮ মিনিটে লালকার্ড দেখেন পানামার আদালবের্তো কারাসকুইলা।

আরও পড়ুনঃ T20 World Cup Semi Final : কীভাবে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে জয় পেলেন রোহিতরা?

দুই ম্যাচ শেষেও এই গ্রুপে পয়েন্টের খাতা খুলতে পারেনি বলিভিয়া। তারা প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছে। তবে কোয়ার্টারে যাওয়ার সুযোগ রয়েছে আমেরিকা এবং পানামার। তিন পয়েন্ট করে পেয়েছে তারা। শেষ রাউন্ডে আমেরিকার বিরুদ্ধে খেলবে উরুগুয়ে। এক পয়েন্ট পেলেই কোয়ার্টারে পৌঁছে যাবেন সুয়ারেজরা। আমেরিকাকে জিততে হবে টিকে থাকতে গেলে। উরুগুয়ের বিরুদ্ধে খেলা থাকায় তাদের জন্য কাজটা কঠিন। অন্যদিকে পানামা মুখোমুখি হবে বলিভিয়ার। কোয়ার্টারের আশা জিইয়ে রাখতে পানামাকে জিততেই হবে। পানামা যদি বলিভিয়াকে হারিয়ে দেয় তা হলে তাদের কাছে সুযোগ থাকবে নক আউটে ওঠার।

About Post Author