Home » T20 World Cup 2024 : আইসিসির বাছাই করা টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশ থেকে বাদ ‘কিং কোহলি’, ভারত থেকে কারা রয়েছেন সেই দলে?

T20 World Cup 2024 : আইসিসির বাছাই করা টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশ থেকে বাদ ‘কিং কোহলি’, ভারত থেকে কারা রয়েছেন সেই দলে?

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১ জুলাইঃ ১৩ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপ জিতেছে ভারত। শনিবার বার্বাডোজে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম সংস্করণের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়েছেন রোহিত শর্মারা। গোটা প্রতিযোগিতায় একটিও ম্যাচ না হেরে জয়ী হয়েছেন তারা। আয়ারল্যান্ড ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে না গেলে সব ম্যাচ জিতে হয়তো নয়া নজির গড়তে পারত ভারতের পুরুষ ক্রিকেট দল। ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে নজর কেড়েছেন ভারতের অনেক ক্রিকেটার। সেই প্রতিফলন দেখা গেল সোমবার আইসিসির প্রকাশিত টি-টোয়েন্টির সেরা একাদশের তালিকায়।


আইসিসির বাছাই করা এগারো জনের দলে একচেটিয়া দাপট রয়েছে ভারতের। বিশ্বচ্যাম্পিয়ন দলের মোট ছয়জন জায়গা করে নিয়েছেন সেই দলে। অধিনায়ক বাছা হয়েছে রোহিত শর্মাকে। তিনি ছাড়াও ভারত থেকে এই সুপার দলে রয়েছেন সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, যশপ্রীত বুমরা ও আর্শদীপ সিং।  ভারত ছাড়াও আফগানিস্তান থেকে জায়গা করে নিয়েছেন তিনজন ক্রিকেটার। তাঁরা হলেন অধিনায়ক রশিদ খান, রহমনু্ল্লাহ গুরবাজ ও ফজলহক ফারুকি। প্রসঙ্গত এবারের প্রতিযোগিতার সর্বোচ্চ রান সংগ্রহণকারী গুরবাজ। ৮ ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ২৮১ রান। গড় ৩৫.১২। তারপরেই রয়েছেন ভারত অধিনায়ক রোহিত। ৮ ম্যাচে ২৫৭ রান করেছেন তিনি। সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় দুজন সুযোগ পেয়েছেন দলে। ভারতের আর্শদীপ ও আফগানিস্তানের ফারুকি দুজনেই ১৭ টি উইকেট পেয়েছেন। পিছিয়ে নেই যশপ্রীত বুমরাও। তিনি ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন। সমসংখ্যক ম্যাচে ১৪ উইকেট পেয়েছেন রশিদ খান। তাদেরকেও দলে রাখা হয়েছে আইসিসির দলে। ভারত ও আফগানিস্তান ছাড়া ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া থেকে একজন করে দলে সুযোগ পেয়েছেন। তারা হলেন অজি অলরাউন্ডার মার্কোস স্টইনিস ও ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান।

আরও পড়ুনঃ  UEFA Euro Cup 2024 : জর্জিয়ার স্বপ্নের দৌড় থামিয়ে ইউরোর কোয়ার্টারে স্পেন

একনজরে দেখে নেওয়া যাক আইসিসির সেরা একাদশ: রোহিত (অধিনায়ক) (ভারত), রহমনুল্লাহ গুরবাজ (আফগানিস্তান), নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ), সূর্যকুমার যাদব (ভারত), মার্কোস স্টইনিস (অস্ট্রেলিয়া), হার্দিক পাণ্ডিয়া (ভারত), অক্ষর প্যাটেল (ভারত), রশিদ খান (আফগানিস্তান), যশপ্রীত বুমরা (ভারত), আর্শদীপ সিং (ভারত), ফজলহক ফারুকি (আফগানিস্তান)

About Post Author