স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৯ জুলাইঃ কলকাতা ডার্বি মানেই দেশের দুই শতাব্দী প্রাচীন ফুটবল ক্লাবের সমর্থকদের আবেগের মহাবিস্ফোরণ। ডার্বির দিন দুই মেরুতে ভাগ হয়ে যায় বঙ্গসমাজ। এই ম্যাচে মাঠে নামার জন্য মুখিয়ে থাকেন দুই দলের ফুটবলারেরা। কারণ, নিজেদের প্রমাণ করার এর থেকে বড় মঞ্চ আর নেই। ভারত তো বটেই, এশিয়ার বৃহত্তম ডার্বির রোমাঞ্চ ও উত্তেজনার টানে স্কটিশ প্রিমিয়ারশিপ থেকে আইএসএলে প্রত্যাবর্তন করলেন গ্রেগ স্টুয়ার্ট । পঞ্চম বিদেশী হিসাবে যোগ দিলেন মোহনবাগান সুপার জায়ান্টসে।

শুক্রবার সকালে ক্লাবের পক্ষ থেকে স্কটিশ ফুটবলারটিকে স্বাগত জানানো হয়। স্কটল্যান্ডের ক্লাব কিলমার্নক থেকে এক বছরের চুক্তিতে মোহনবাগানে যোগ দিলেন স্টুয়ার্ট। কেন তিনি ফের মোহনবাগানে ফিরে এলেন? এই প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, “যুবভারতীতে ডার্বি খেলার ইচ্ছাতেই আমি মোহনবাগানে সই করেছি। আমার দীর্ঘদিনের স্বপ্ন কলকাতা ডার্বিতে খেলতে নেমে দলকে জেতাবো। ভারতে আগে খেলার সময় অনেক কঠিন ম্যাচ জিতেছি। কিন্তু ডার্বি জেতা হয়নি। এবার সেটাও পূরণ করতে চাই।”
আরও পড়ুনঃ Mohun Bagan : পিয়ারলেসকে হারিয়ে কলকাতা লিগে জয়ের খাতা খুলল মোহনবাগান
আরও পড়ুনঃ Jeakson Singh to East Bengal : আপুইয়াকে না পাওয়ার যন্ত্রণা, জিকসনে মেটাল ইস্টবেঙ্গল
ভারতীয় ফুটবলে গ্রেগ স্টুয়ার্ট নামটা আদৌ নতুন নয়। ২০২১ সালে জামশেদপুর এফসির হয়ে খেলতে ভারতে এসেছিলেন তিনি। স্কটল্যান্ডের বিখ্যাত ক্লাব রেঞ্জার্স থেকে ভারতে খেলতে এসেই নিজের জাত চিনিয়েছিলেন স্টুয়ার্ট। প্রধানত ফরোয়ার্ড হলেও, গোল করানোরও দক্ষতা রয়েছে তাঁর। প্রথম বছরেই ২১ ম্যাচে ১১ গোল করেছিলেন। পেয়েছিলেন ইন্ডিয়ান সুপার লিগের সেরা ফুটবলারের পুরস্কার। পরের বছর জামশেদপুর থেকে দুই বছরের চুক্তিতে স্টুয়ার্টকে দলে নেয় মুম্বই সিটি এফসি। নতুন ক্লাবে যোগ দিয়েও নিজের নামের প্রতি সুবিচার করেন। ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে চেন্নাইয়িনের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন। ২৯ ম্যাচে ১০ গোল করেছিলেন হাইল্যান্ডারসদের হয়ে। কিন্তু পরের মরশুমে তাঁকে আর রাখে নি মুম্বই। দেশে ফিরে গিয়ে পুরনো ক্লাব কিলমার্নকে সই করেন। গত মরশুমে তাঁর ক্লাব স্কটিশ প্রিমিয়ারশিপে চারনম্বরে শেষ করে। আগামী মরশুমে উয়েফা ইউরোপা লিগের বাছাই পর্বে খেলার যোগ্যতাও অর্জন করেছে কিলমার্নক। সেই দলের হয়ে ৮ ম্যাচে মাঠে নেমেছেন স্টুয়ার্ট। এবার ফের মোহনবাগানের হাত ধরে ভারতীয় ফুটবলে প্রত্যাবর্তন হতে চলেছেন গ্রেগ স্টুয়ার্ট।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার