স্পোর্টস ডেস্ক, ,সময় কলকাতা, ১৮ জুলাইঃ মরশুম শুরুর আগে থাইল্যান্ডে প্রস্ত্ততি শিবির করছে কেরালা ব্লাস্টার্স। কিন্তু শিবিরে যোগ দেননি জাতীয় দলের মিডফিল্ডার জিকসন সিং। তখনই জল্পনা শুরু হয়েছিল আগামী মরশুমে কলকাতার অন্যতম প্রধাম ক্লাব ইস্টবেঙ্গলে যোগ দিতে পারেন। বৃহস্পতিবার সকালে সেই জল্পনা আরও বাড়িয়ে, কলকাতায় পা রাখলেন জাতীয় দলের মিডফিল্ডার। তা হলে কী লাল-হলুদে যোগ দিতে চলেছেন তিনি?

আগামী মরশুমে শক্তিশালী দলগঠনের কাজ শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল। ইতিমধ্যে ঘরোয়া ও বিদেশী মিলিয়ে একাধিক ফুটবলারকে দলে নেওয়া হয়েছে। মাঝমাঠকে শক্তিশালী করার দিকে নজর দিচ্ছেন ক্লাব কর্তারা। মুম্বই সিটি এফসির প্রাক্তন মিডফিল্ডার আপুইয়াকে দলে নেওয়ার লড়াইয়ে ছিল লাল-হলুদ। কিন্তু শেষ মুহূর্তে জাতীয় দলের এই মিডফিল্ডারকে দলে নিয়ে চমক দেয় মোহনবাগান। তখন থেকে ভাল মানের ঘরোয়া মিডফিল্ডারের সন্ধানে ছিল ইস্টবেঙ্গল শিবির। আপুইয়ার বদলে জাতীয় দলের আর এক মিডফিল্ডার জিকসন সিংয়ের দিকে হাত বাড়ায় তারা। জানা গিয়েছে, বৃহস্পতিবারই এই ফুটবলারের শারীরিক পরীক্ষা করা হবে। সব ঠিকঠাক থাকলে এদিনই ইস্টবেঙ্গল ক্লাবে সই করবেন ২৩ বছরের জিকসন ।
২০১৭ সালে ভারতে বসেছিল যুব বিশ্বকাপের আসর। যেই প্রতিযোগিতা থেকে উত্থান ফিল ফোডেন, ফেরান টোরেসের মত তারকাদের। সেই প্রতিযোগিতায় আয়োজক দেশ হিসাবে খেলেছিল ভারতও। সেই দলে ছিলেন জিকসন সিং। বিশ্বকাপে ভারত একটি মাত্র গোল করেছিল, সেটাও করেছিলেন জিকসনই। তবে গোল করার জন্য না তিনি নিজের পরিচিতি বাড়িয়েছেন রক্ষণাত্মক মিডফিল্ডার হিসাবে। মিনার্ভা পঞ্জাবের হয়ে উত্থান হলেও ২০১৮ সাল থেকে খেলছেন কেরালা ব্লাস্টার্সের হয়ে। সউল ক্রেসপোর পাশে খেলার জন্য এরকমই একজন মিডফিল্ড জেনারলের সন্ধানে ছিল ইস্টবেঙ্গল। আপুইয়াকে না পেয়ে রেকর্ড অর্থে তাই জিকসনকে তুলে নিল লাল-হলুদ ব্রিগেড।


More Stories
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক