Home » East Bengal : এই মরশুমে আরও আগ্রাসী ফুটবল খেলার হুঁশিয়ারি কুয়াদ্রাতর

East Bengal : এই মরশুমে আরও আগ্রাসী ফুটবল খেলার হুঁশিয়ারি কুয়াদ্রাতর

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৩ জুলাইঃ গত মরশুমে ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগানের বিরুদ্ধে হারতে হয় ইস্টবেঙ্গলকে। সুপার কাপে চ্যাম্পিয়ন হয় লাল-হলুদ ব্রিগেড। প্রায় একযুগ পর জাতীয় স্তরের কোনও ট্রফি জেতে কলকাতার শতাব্দী প্রাচীন ক্লাব। তারপর দলের প্রতি অনেক প্রত্যাশা তৈরি হয়েছিল সমর্থকদের। কিন্তু আইএসএলে সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় মহেশ-ক্লেইটনরা। প্রতিযোগিতার নবম স্থানে শেষ করতে হয় তাঁদের। আসন্ন মরশুমে দলের সাফল্যের ব্যাপারে আশাবাদী কোচ কার্লেস কুয়াদ্রাত ।

দলের সঙ্গে একঝাঁক নতুন ফুটবলার যোগ দিয়েছেন। বিদেশীদের মধ্যে গত মরশুমে কেরালা ব্লাস্টার্সের হয়ে সোনার বুট পাওয়া দিমিত্রিয়াস দিয়ামান্তাকোস ও পঞ্জাবের হয়ে সর্বোচ্চ অ্যাসিস্ট করা মাদিহ তালাল দলে যোগ দিয়েছেন। জাতীয় দলের মিডফিল্ডার জিকসন সিংকেও নেওয়া হয়েছে দলে। ফলে আগের তুলনায় দল অনেকবেশী শক্তিশালী হয়েছে বলে মনে করছেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ হেডস্যার কার্লেস কুয়াদ্রাত। সোমবার বাইপাসের ধারে ইমামী আর্ট গ্যালারিতে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গলের কোচ-সহ গোটা দল। সেখানেই আগামী মরশুম নিয়ে আশারবাণী শোনা গিয়েছে পেপ গুয়ার্দিওলার আশীর্বাদপ্রাপ্ত এই কোচকে।

কুয়াদ্রাত জানিয়েছেন, “আমি গত সাত বছর ভারতীয় ফুটবলে রয়েছি। তার মধ্যে নিঃসন্দেহে এবারের দলই সেরা। আমাদের প্রতি অনেক প্রত্যাশা তৈরি হয়েছে। যার জন্য আমরা কিছুটা হলেও চাপে থাকব। কিন্তু ফুটবলে এই ধরনের চাপের মধ্যে থেকেই নিজেদের সেরাটা উজাড় করে দিতে হয়।” আসন্ন মরশুমে দলের খেলার ধরণ কীরকম হবে, এই প্রশ্নেরও জবাব দেন কুয়াদ্রাত। তিনি বলেন, “গত মরশুমে আমাদের দলের যে গভীরতা প্রতিযোগিতায় টিকে থাকার জন্য যথেষ্ট ছিল না। তা সত্বেও ডুরাণ্ডের ফাইনালে পৌঁছনো ও সুপার কাপ জয় বিস্ময়ের ছিল আমাদের জন্য। কিন্তু এবার কোনও প্রতিযোগিতার ফাইনালে উঠলে সেটা বিস্ময়ের হবে না। গত মরশুমে আমাদের লক্ষ্য ছিল গোল ধরে রেখে পয়েন্ট আদায় করে নেওয়া। কিন্তু এবার আমাদের দলে অনেক বিকল্প রয়েছে। আমরা আরও বেশি আগ্রাসী ও আক্রমণাত্মক ফুটবল খেলব।”  

আরও পড়ুনঃ Rahul Dravid : ফের কোচের পদে রাহুল দ্রাবিড়, কোন দলকে প্রশিক্ষণ দেবেন তিনি?

আসন্ন মরশুমে শুধু ভারতীয় ফুটবলে নয়, এশীয় ফুটবলেও খেলতে দেখা যাবে ইস্টবেঙ্গলকে। আগামী ১৪ অগস্ট তুর্কেমেনিস্তানের দলের বিরুদ্ধে খলবে কার্লেসের ছেলেরা। তারপর ডুরাণ্ড, সুপার কাপ ও আইএসএলে  নামবে দল। ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ জানিয়ে দিয়েছেন প্লে-অফে উঠে থেমে থাকতে চান না তিনি। তাঁর লক্ষ্য প্রথমবারের জন্য কলকাতার অন্যতম প্রধান ক্লাবে আইএসএল ট্রফিটা নিয়ে আসার। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে চোয়াল শক্ত রেখেই যে মাঠে নামবে তাঁর দল সেটাও জানিয়ে দিলেন ৫৫ বছরের স্প্যানিশ ভদ্রলোক।

About Post Author