স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৭ জুলাইঃ প্রত্যাশামত মহিলাদের এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেল ভারত। এই নিয়ে রেকর্ড নবম বার প্রতিযোগিতার ফাইনালে খেলার ছাড়পত্র পেয়ে গেল তারা। ২০০৪ সাল থেকে এই প্রতিযোগিতার আয়োজন করছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। প্রত্যেকবারই ফাইনালে উঠেছে ভারত। এবারও সেই ধারা বজায় রাখলেন হরমনপ্রীত কউররা। ফাইনালে তাঁরা মুখোমুখি হবে শ্রীলঙ্কার। গতবার ফাইনালে এই শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।

মহিলা এশিয়া কাপ ক্রিকেটে দুই সফল দেশ ভারত ও শ্রীলঙ্কা। একটি দল নয় বার ফাইনালে উঠেছে। জিতেছে মোট সাতবার। অন্যদল পাঁচবার ফাইনালে খেললেও এখনও ট্রফি জয়ের স্বাদ পায়নি। এবারের প্রতিযোগিতায় রাউন্ড রবিন গ্রুপে তিন ম্যাচের তিনটিতেই জিতেছে দুই ফাইনালিস্ট দল। শুক্রবার প্রথম সেমিফাইনালে ভারত ১০ উইকেটে হারিয়ে দেয় বাংলাদেশকে। টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে মাত্র ৮০ রানেই আটকে যায় বাংলাদেশের ইনিংস। ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন রেণুকা সিং ও রাধা যাদব। রান তাড়া করতে নেমেও বিশেষ বেগ পেতে হয়নি ভারতীয় দলকে। ১১ ওভারে দশ উইকেট হাতে নিয়ে জয়ের রান তুলে নেয় ভারত। স্মৃতি মান্ধানা ৫৫ রানে অপরাজিত থাকেন। দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ৩ উইকেটে জিতে নেয় শ্রীলঙ্কা। যদিও তারা ভারতের মত একপেশে দাপট দেখাতে পারেনি। বেশ লড়াই করেই জিততে হয় তাদের। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৪০ রান তোলে পাকিস্তান। জবাবে ১৯.৫ ওভারে ৭ উইকেট হারিয়ে সেই রান তুলে নেয় শ্রীলঙ্কা। ৪৮ বলে ৬৩ রানের অনবদ্য ইনিংস খেলেন চামারি আতাপাত্তু।
আরও পড়ুনঃ Mohun Bagan : সদলবলে ভারতে আসছেন মোহনবাগান কোচ মোলিনা, কারা রয়েছেন সেই দলে?
পরিসংখ্যানের দিক থেকে এখনও পর্যন্ত প্রতিযোগিতার সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় রয়েছেন চামারি আতাপাত্তু। ৪ ম্যাচে ২৪৩ রান করেছেন তিনি। গড় ১২১.৫০। তার মধ্যে প্রথম ক্রিকেটার হিসেবে প্রতিযোগিতায় শতরান করেছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন শেফালী বর্মা। ৪ ম্যাচে ১৮৪ রান করেছেন ভারতীয় ওপেনার। উইকেট সংগ্রহকারীর তালিকায় শীর্ষে রয়েছেন ভারতের দীপ্তি শর্মা। ৪ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন ভারতীয় ওপেনার। সমসংখ্যক ম্যাচে ৭ উইকেট নিয়ে তালিকার তিন নম্বরে রয়েছেন কাভিশা দিহারী।
সব মিলিয়ে এশিয়া কাপের ফাইনালে একে অন্যকে ছাপিয়ে যেতে মরিয়া দুই দলের ক্রিকেটাররা। ভারতের সামনে সুযোগ রেকর্ড অষ্টমবারের জন্য এশীয়া সেরা হয়ে নিজেদের আধিপত্য বজায় রাখার। অন্যদিকে প্রথমবারের জন্য ট্রফি জয় ও গত ফাইনালে ভারতের বিরুদ্ধে হারের বদলা চায় শ্রীলঙ্কা।


More Stories
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর
FIFA Worldcup 2026 : কোরিয়ার চোরাগতিতে বিধ্বস্ত চেকিয়া
ইনিংস ও ৩০০ রানে জয় ভারতের