স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১০ অগস্ট: ইউরো কাপ জয়ের পর ফুটবলে আবারও সাফল্য স্পেনের পুরুষ দলের। প্যারিস অলিম্পিক্সে সোনা জিতল লা রোজারা। হাড্ডাহাড্ডি ম্যাচে প্রতিযোগিতার আয়োজক ফ্রান্সকে ৫-৩ গোলে হারিয়ে দিল তারা। একই সঙ্গে ৩২ বছর পর অলিম্পিক্সে ফুটবলে সোনা জিতল স্পেন।

আরও পড়ুন: Paris olympics 2024: কুস্তিগীর আমন সেরাওয়াতের ব্রোঞ্জ
গতবার ফাইনালে উঠেও স্বপ্ন পূরণ হয়নি। টোকিও অলিম্পিক্সের ফাইনালে ব্রাজিলের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল। রৌপ্য পদক পেয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল। কিন্তু শুক্রবার আক্ষেপ অনেকটা মিটিয়ে নিল। যদিও ম্যাচের শুরুটা ছিল ফরাসিদের পক্ষে। অধিনায়ক লাকাজাটের নেতৃত্বে আক্রমণে ঝড় তোলে আয়োজক দেশ। ১৩ মিনিটের মাথায় গোলের দেখাও পেয়ে যায় তারা। মিয়োর অর্ধেক প্রয়াসে নেওয়া শট স্পেন গোলরক্ষকের ভুলে জালে জড়িয়ে যায়। গোল হজম করে ম্যাচে ফেরে স্পেন। প্রথম আক্রমণেই গোলশোধ করে দেয় ইউরো জয়ীরা। ডানপ্রান্ত ধরে উঠে বক্সের মধ্যে পাস দেন সের্জিও গোমেজ। সেই বল ধরে গোল করেন ফের্মিন লোপেজ। সমতাসূচক গোলের ৭ মিনিট পর এগিয়ে যায় স্পেন। নিজের ও দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন লোপেজ। সুযোগসন্ধানী ফরোয়ার্ডের মত গোলটি করেন তিনি। অ্যাবেল রুইয়ের শট ফরাসি গোলরক্ষক রুখে দিলেও বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি বলে গোল করেন বার্সেলোনার তরুণ মিডফিল্ডার। ২৯ মিনিটে ব্যবধান ৩-১ করে স্পেন। বক্সের বাইরে থেকে ফ্রিকিকে দুরন্ত গোল করেন বাইনা। বিপক্ষের গোলরক্ষক নড়াচড়া করার সুযোগ পাননি। প্রথমার্ধে একটি গোল শোধ করার সুযোগ পেয়েছিল ফ্রান্স। কিন্তু মাতেতার শট বাঁচিয়ে দেন স্পেনের গোলরক্ষক। ৩-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্পেন।
দ্বিতীয়ার্ধে গোলশোধের মরিয়া চেষ্টা করতে থাকে আয়োজক ফ্রান্স। দুই প্রান্ত ধরে তারা আক্রমণে ঝাঁজ বাড়ায়। কিন্তু গোলের মুখ খুলতে পারেনি। একটা সময় পর স্পেনের প্রায় সব ফুটবলার রক্ষণে নেমে আসে। একটা সময় মনে হয়েছিল স্পেনের ফাইনাল জয় স্রেফ সময়ের অপেক্ষা। কিন্তু তখনই অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে ফ্রান্স। অনেকটা কাতার বিশ্বকাপের ফাইনালের মত। ৭৮ মিনিটে অ্যাকলিউস ও সংযুক্ত সময় মাতেতা ফ্রান্সকে সমতায় ফেরায়। নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ৩-৩ গোলে।
প্যারিস অলিম্পিক্স ফুটবলের ফাইনাল গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেই বাজিমাৎ করে স্পেন। দুই অর্ধে দুটি গোল করে তারা। প্রথমার্ধে গোল করে দলকে ফের এগিয়ে দেন সের্জিও ক্যামেলো। বক্সের বাইরে থেকে হাফটার্নে বল ধরে মার্কারদের অতিক্রম করে চিপ শটে অনবদ্য গোল করেন তিনি। অতিরিক্ত সময়ে দলের দ্বিতীয় গোলটিও আসে তাঁর পা থেকেই। এক্ষেত্রে গোলরক্ষকের কাছ থেকে বল পেয়ে তিনি গোল করেন। শেষপর্যন্ত ফ্রান্সকে ৫-৩ গোলে হারিয়ে মাঠ ছাড়ে স্পেন।


More Stories
ইনিংস ও ৩০০ রানে জয় ভারতের
স্বপ্নের অভিষেক, সুতারে ধরাশায়ী আফগানিস্তান
অভিষেকে মানব যেন মহামানব, আফগানিস্তান বিপাকে