Home » এখনই থামবে না বৃষ্টি, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

এখনই থামবে না বৃষ্টি, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

সময় কলকাতা ডেস্ক, ১৩ আগস্টঃ ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকার একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এছাড়া আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে পূর্ব বাংলাদেশ ও পার্শ্ববর্তী এলাকায়। এই ঘূর্ণাবর্তের জেরে মঙ্গলবার পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার মধ্যে কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। সেইসঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করা হয়েছে। বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুক্রবার পর্যন্ত। এদিন কলকাতা ও তার আশেপাশের এলাকায় দিনভর ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হলেও তাপমাত্রার তেমন হেরফের হবে না বললেই চলে। একই সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকতে পারে। এদিকে, উত্তরবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। 

আরও পড়ুন  RG KAR caseঃ আরজিকর কাণ্ডে CBI তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে

হাওয়া অফিস সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। পাশাপাশি সক্রিয় মৌসুমী অক্ষরেখা ও পূর্ব-পশ্চিম অক্ষরেখা। যার কারণে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিন সকাল থেকেই কলকাতা ও তার আশেপাশের এলাকায় মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। সেইসঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। এদিকে, বৃষ্টির জেরে শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রাও ধীরে ধীরে কমতে শুরু করেছে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস থাকবে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৬৯ থেকে ৯১ শতাংশ।

হাওয়া অফিস সূত্রে খবর, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তা অবস্থান করছে ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকায়। আগামী ২৪ ঘণ্টা পুরোপুরি ঝাড়খণ্ড থেকে তা সরে যাবে। ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে তা এগোচ্ছে। এদিকে, নিম্নচাপের জেরে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা এবং বাঁকুড়া জেলায় দিনভর বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে, উত্তরবঙ্গে আরও দুই থেকে তিন দিন প্রবল দুর্যোগ চলতে পারে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কালিম্পং-এই তিন জেলাতে রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। তবে, উত্তরবঙ্গের নীচের দিকের তিন জেলা মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা কমতে পারে।

#Latestbengalinews

#Weatherreport

About Post Author