Home » RG KAR caseঃ আরজিকর কাণ্ডে CBI তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে

RG KAR caseঃ আরজিকর কাণ্ডে CBI তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে

সময় কলকাতা ডেস্ক, ১২ আগস্টঃ আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। দফায় দফায় চলছে বিক্ষোভ-প্রতিবাদ। শুক্রবার থেকে কর্মবিরতিতে নেমেছেন জুনিয়র চিকিৎসক ও পড়ুয়ারা। এমার্জেন্সি ছাড়া বাকি সমস্ত বিভাগ বন্ধ রাখা হয়েছে। সোমবারও দেশজুড়ে কর্মবিরতির ডাক দিয়েছে চিকিৎসক মহল। এবার আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক মৃত্যুর ঘটনায় কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা। এখনও পর্যন্ত মোট তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি নেতা কৌস্তভ বাগচী, আইনজীবী ফিরোজ এডুলজি তিনটি পৃথক মামলা দায়ের করেন প্রধান বিচারপতির এজলাসে।

আরও পড়ুন  আরজিকর কাণ্ডে CBI তদন্তের দাবি, দেশজুড়ে কর্মবিরতির ডাক চিকিৎসক মহলের

মামলাকারীরা দাবি, মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় পুলিশি তদন্তে আস্থা নেই। কার্যত সেকারণেই সিবিআইয়ের হাতে এই মামলা হস্তান্তরের আবেদন জানানো হয়েছে। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের কাছে রাজ্যের সরকারি হাসপাতালগুলির নিরাপত্তা আঁটসাঁট করার আবেদন করা হচ্ছে। অন্তত ৬ মাসের জন্য পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা বসানোর দাবি করা হয়েছে। মঙ্গলবার মামলাগুলির শুনানির সম্ভাবনা রয়েছে বলেই সূত্রের খবর।

এদিকে, আরজিকরে চিকিৎসক মৃত্যুর ঘটনায় সোমবারও দেশজুড়ে কর্মবিরতির ডাক দিয়েছে চিকিৎসক মহল। এদিন সকাল ৯টা থেকে বিক্ষোভে সামিল হয়ে পথে নেমেছেন দিল্লির এইমস-র চিকিৎসকরাও। তাদের দাবি, আরজিকর কাণ্ডে যত শীঘ্র সম্ভব CBI তদন্ত করতে হবে। অন্যদিকে, এদিন দিল্লির রাম মোহন লোহিয়া হাসপাতাল, দিল্লির মৌলানা আজাদ মেডিক্যাল কলেজ, লেডি হারডিং মেডিক্যাল কলেজ, জিটিবি, সফদরজং হাসপাতাল, দীন দয়াল উপাধ্যায় হাসপাতাল- সহ ১০টি হাসপাতালের বাইরেও চিকিৎসকরা বিক্ষোভ দেখান। মধ্যপ্রদেশের ভোপালের এইমসেও চলছে বিক্ষোভ। একইভাবে তারাও সিবিআই তদন্তের দাবি জানান। এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের কাছেও চিকিৎসক ও চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত সকলের নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন চিকিৎসকরা। এর আগে গত শনিবারই মৃত চিকিৎসকের সুবিচারের দাবিতে ভোপাল এইমসের চিকিৎসকরা ‘নো সেফটি, নো ডিউটি’র স্লোগান তুলে মোমবাতি মিছিল বের করেন।

#RGkarHospital  

#RGkarPrincipalSandeepGhoshresigned  

#RGkarPrincipalSandeepGhosh   

#RGKARDoctorDeath   

#Latestbengalinews

About Post Author