সময় কলকাতা ডেস্ক, ১৭ আগস্ট : হাওড়া-মুম্বই এক্সপ্রেস দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন। এবার লাইন থেকে ছিটকে গেল সবরমতী এক্সপ্রেসের ২০টি কোচ। শনিবার ভোররাতে উত্তরপ্রদেশের কানপুর ও ভীমসেন স্টেশনের মাঝে লাইনচ্যুত হয়ে যায় ট্রেনটি।
আরও পড়ুন আবার বড়মাপের চুরি, বারাসাত এখন চোরদের স্বর্গরাজ্য
রেল সূত্রে জানা গিয়েছে, রেল লাইনে একটি বোল্ডার ছিল। তাতেই ধাক্কা লাগে ইঞ্জিনের। এরপরই লাইনচ্যুত হয়ে যায় ২০টি কোচ। সে সময় ট্রেনে প্রায় ১৩০০ যাত্রী ছিলেন বলেই সূত্রের খবর। তবে, রেল দুর্ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি। ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। যাত্রীদের কানপুর পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য বাসের ব্যবস্থা করেছে রেল। ইতিমধ্যেই গোটা ঘটনা তদন্ত শুরু করেছে রেল। সেইসঙ্গে যাত্রীদের সুবিধার্থে কয়েকটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে রেলের তরফে। নম্বরগুলি হল- ০৫৩২-২৪০৮১২৮, ০৫৩২-২৪০৭৩৫৩, ০৫৩২- ২৪০৮১৪৯।
অন্যদিকে, শুক্রবার রাতে ফের শিলিগুড়ির ফাঁসিদেওয়ার রাঙাপানিতে লাইনচ্যুত হয় একটি মালগাড়ি। রেল সূত্রের খবর, তেলের ট্যাঙ্কার ভর্তি করতে ট্রেন ইয়ার্ডে যাওয়ার সময় মালগাড়ির দু’টি বগি লাইনচ্যুত হয়। তারপরই রাত আড়াইটে নাগাদ কানপুরে দুর্ঘটনার কবলে পড়ে সবরমতী এক্সপ্রেস।

উল্লেখ্য, এর আগে গত ৩০ জুলাই দক্ষিণ পূর্ব রেলের চক্রধরপুর ডিভিশনে বেলাইন হয়ে যায় হাওড়া-সিএসএমটি মেল(Howrah-CSMT Mail)। চক্রধরপুর ডিভিশনে বরাবাম্বু ও রাজখারসাওয়ানের মাঝে এই দুর্ঘটনা ঘটে। রেল সূত্রে জানা গিয়েছিল, হাওড়া-সিএসএমটি মেল মুম্বইয়ের দিকে যাওয়ার আগে প্রথমে পাশের লাইন দিয়ে যাওয়া একটি মালগাড়ি লাইনচ্যুত হয়। তার চারটি বগি দু’টি লাইনের মাঝের যে নিরাপদ অংশ থাকে, সেখানে ছিটকে পড়ে। চারটি বগির মধ্যে একটি আবার হাওড়া থেকে মুম্বইগামী ট্রেনের লাইনের উপর গিয়ে পড়ে। তাতেই এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ওই ট্রেনটির মোট ১৮ টি কোচ লাইনচ্যুত হয়েছে, যার মধ্যে ১৬ টি যাত্রীবাহী কোচ। এছাড়াও বেলাইন হয়েছে বিদ্যুৎ সংযোগের কামরা এবং প্যান্ট্রি কার। মর্মান্তিক এই দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। আহত হয়েছিল বহু মানুষ।
#SabarmatiExpress
#TrainAccident
#Latestbengalinews
#Trainderailed


More Stories
সুপ্রিম রায় : বিবাহিতা মহিলাদের বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ টিকবে না
আমাদের চেয়ে ভালো গলা কাটতে কেউ জানেনা, বাংলাদেশকে হুঁশিয়ারি নাগাল্যান্ডের মন্ত্রীর
আশ্রয় ডিটেনসন ক্যাম্প : বাংলাদেশী সন্দেহে আটক,আধারকার্ড -ভোটার কার্ড দেখিয়েও লাভ হল না বঙ্গের পাঁচ শ্রমিকের