স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২০ অগস্ট: আরজি কর কাণ্ডের প্রতিবাদের আঁচ ফের এসে পড়ল কলকাতা ময়দানে। সোমবার কলকাতা লিগের ম্যাচে নিজেদের মাঠে জিতে ঘটনার বিচার চেয়েছিলেন মহামেডান স্পোর্টিং। মাঠেই এবার ঘটনার বিচার চাইল ইস্টবেঙ্গল ফুটবলাররা। মঙ্গলবার ইস্টবেঙ্গলের ম্যাচ ছিল রেনবোর বিরুদ্ধে। সেই ম্যাচে ২-০ গোলে জয় পেল বিনু জর্জের ছেলেরা। গোলের পর হাতে পোস্টার নিয়ে প্রতিবাদে সামিল হলেন লাল হলুদ ফুটবলাররা।

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুতে গোটা রাজ্য জুড়ে তোলপাড়। সমাজের বিভিন্ন মহলে উঠছে প্রতিবাদের ঝড়। সেই প্রতিবাদের আঁচ গিয়ে পৌঁছেছে কলকাতা ময়দানে। গত ১৮ অগস্ট নিরাপত্তার কারণে ডুরান্ড কাপের ডার্বি বাতিল হয়। কিন্তু ম্যাচ না হলেও মাঠের বাইরে আরজি কর কাণ্ডের বিচার চেয়ে প্রতিবাদে সোচ্চার হয় দুই দলের সমর্থকরা। সেখানে যোগ দেয় তৃতীয় প্রধান মহামেডান স্পোটিংয়ের সমর্থকরাও। মোহনবাগান ও ইস্টবেঙ্গল সমর্থকদের যৌথ কর্মসূচিকে রুখতে লাঠি চালাতে হয় কর্তব্যরত পুলিশকে। এসবের মধ্যেই আবার ময়দানে দেখা গেল প্রতিবাদ।

আরও পড়ুন: Ilkay Gundogan: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় গুন্ডোয়ানের
বৃষ্টির জন্য মাঠে খুব বেশি সমর্থক পৌঁছতে পারেনি। কিন্তু যারা উপস্থিত ছিল তাদের কাছে দেখা যায় বড় একটি ব্যানার। তাতে বড় বড় বাংলা হরফে লেখা রয়েছে, ‘তোমার স্বর, আমার স্বর, পাশে আছি আরজি কর।’ খেলা শুরুর আগে রেনবো ফুটবলারদেরও দেখা যায় ‘Justice for RG Kar’ লেখা একটি জার্সি প্রদর্শন করতে। খেলা গড়ানোর সঙ্গে সঙ্গে প্রতিবাদের আওয়াজও তীব্র থেকে তীব্রতর হয়। প্রথমার্ধে ম্যাচ শেষ হয় গোলশূন্য। ৭৫ মিনিটে সঞ্জীব ঘোষের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। গোল করার পর গ্যালারির দিকে ছুটে যান লাল-হলুদ ফুটবলাররা। সাইড লাইন থেকে একটি জার্সি হাতে তুলে নেন। সেখানে লেখা ছিল, ‘আমরা আরজি কর-কাণ্ডে ন্যায়বিচার চাই।’ ম্যাচের সংযুক্ত সময়ে দ্বিতীয় গোলের দেখা যায় ইস্টবেঙ্গল। গোল করেন আশিক। শেষ পর্যন্ত ২-০ গোলে জিতে মাঠ ছাড়ে লাল-হলুদ। ম্যাচ শেষে বিনো জর্জ জানিয়ে দেন এই প্রতিবাদের বিষয়ে তিনি কিছু জানতেন না। তবে তিনি বলেন, ‘এই বিষয়ে গোটা দেশ প্রতিবাদ করছে, আমিও বিচার চাই।’


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার