সময় কলকাতা ডেস্ক, ২০ আগস্টঃ আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। দফায় দফায় চলছে বিক্ষোভ-প্রতিবাদ। এখনও স্বাভাবিক ছন্দে ফেরেনি আরজিকর হাসপাতাল। আরজিকরে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় একের পর এক গাফিলতির অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। নিরাপত্তার অভাব বোধ করায় অনেক নার্স ও চিকিৎসক হস্টেল ছেড়ে চলে গিয়েছেন। নিরাপত্তা, সিসিটিভির যথাযথ ব্যবহারের মতো একাধিক বিষয় নিয়ে সরব চিকিৎসক সমাজ থেকে বিভিন্ন মহল। কার্যত সেকারণেই আরজিকর মামলার শুনানিতে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এবার থেকে আরজিকর হাসপাতালের নিরাপত্তায় মোতায়েন হবে CISF। তা শুনে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল মন্তব্য করেন, ‘এরপর থেকে রাজ্য পুলিশের আর কোনও দায়িত্ব রইল না।‘ সুপ্রিম কোর্ট এদিন জানিয়েছে, আরজিকরের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনী। ‘সুপ্রিম’ নির্দেশ পেয়ে এদিনই হাসপাতালে পৌঁছয় সিআইএসএফ (CISF)।

অন্যদিকে, দেশের সব হাসপাতালগুলির নিরাপত্তায় নয়া নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। নির্দেশিকায় বলা হয়েছে, যত শীঘ্র সম্ভব হাসপাতালের ডার্ক স্পট চিহ্নিত করতে হবে। প্রশিক্ষিত সিকিউরিটি গার্ড নিয়োগ করতে হবে। একইসঙ্গে মহিলা নিরাপত্তা রক্ষী নিয়োগেরও নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক স্পষ্ট জানিয়ে দিয়েছে, শুধু ক্লোজ সার্কিট ক্যামেরা বসিয়েই দায় সারা যাবে না। সেই সিসিটিভি ক্যামেরা হতে হবে ‘হাই রেজোলিউশন’-এর।
আরও পড়ুন এক ওভারে ৩৯ রান! যুবরাজ-পোলার্ডদের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লেন এই ব্যাটার
এদিকে, এই মামলার শুনানিতে মঙ্গলবার প্রধান বিচারপতি দেশ জুড়ে চিকিৎসকদের নিরাপত্তায় জাতীয় টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন। চিকিৎসকদের নিরাপত্তা প্রসঙ্গে এদিন তিনি বলেন, আরজিকরের ঘটনা শুধুমাত্র একটি খুনের মামলা নয়। গোটা দেশ জুড়ে চিকিৎসকদের নিরাপত্তার বিষয়। তরুণ চিকিৎসক, ইন্টার্ন, বিশেষত মহিলা চিকিৎসকদের কর্মস্থলে সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে। কোনও ডিউটি রুম নেই। সুরক্ষার জন্য একটা প্রোটোকল তৈরি হওয়া উচিত। সুরক্ষিত কর্মস্থল তৈরি করা দরকার। মহিলারা যদি কর্মস্থলে যেতে না পারেন, তাহলে সমতা বলে কিছু থাকবে না। শুধু খাতায়-কলমে থাকলে হবে না, এমন প্রোটোকল তৈরি করতে হবে। তাই চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে শীঘ্রই ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করতে হবে। দেশের বিভিন্ন রাজ্যের চিকিৎসকদের নিয়ে গঠন করা হবে ওই টাস্ক ফোর্স।
#CISF
#RGkarHospital
#RGkarPrincipalSandeepGhosh
#RGKARDoctorDeath
#Latestbengalinews
#SupremeCourt


More Stories
নেপাল সীমান্তে ঠিক কোথায় ধরা পড়েন জাহাঙ্গীর?
স্বরূপ বিশ্বাসের বাড়িতে পুলিশ, সঙ্গে কেন্দ্রীয় পুলিশ বাহিনী
প্রয়াত সাংসদ ঘনিষ্ঠ মাফিয়া তৃণমূল নেতা গ্রেফতার