সময় কলকাতা ডেস্ক, ২৪ আগস্টঃ আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। প্রতিবাদে পথে নেমেছে চিকিৎসক থেকে সাধারণ মানুষ। তিলোত্তমার বিচার ও নারীর স্বাধীনতার দাবিতে গত ১৪ আগস্ট, স্বাধীনতার প্রাক-রাতে আন্দোলনে পথে নামেন মেয়েরা। এদিন রাতেই মেয়েদের ‘রাত দখলের’ কর্মসূচিকে ঘিরে তুলকালাম কাণ্ড আরজিকর মেডিক্যাল কলেজে। এদিন রাত সাড়ে ১২টা নাগাদ হঠাৎই গোটা হাসপাতাল জুড়ে কার্যত তাণ্ডব চালায় বহিরাগতরা। আরজিকর হাসপাতালে পুলিশি ব্যারিকেড ভাঙে কয়েক হাজার দুষ্কৃতী। কোটি টাকা সরকারি সম্পত্তি নষ্ট হয় হাসপাতালে। আক্রান্ত হন পুলিশ কর্মীরা। সেই ঘটনায় শুরু থেকেই দোষীদের ধরতে সক্রিয় পুলিশ। এবার এই হামলার ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। জানা গিয়েছে, টাওয়ার ডাম্পিং প্রযুক্তি এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজের সূত্র ধরেই এদের চিহ্নিত করা হয়। এ নিয়ে এই ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে হলে ৩৯। সমাজমাধ্যমে ছবি দেওয়ায় অপরাধীদের চিহ্নিতকরণে নাগরিকদের থেকে অনেকটাই সহায়তা মিলেছে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে আরও ১১ জনকে চিহ্নিত করা হয়েছে বলেই জানিয়েছে লালবাজার। এদের মধ্যে কয়েকজন শহরের বাইরে পালিয়ে গেলেও তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে কলকাতা পুলিশ।
উল্লেখ্য, গত ১৪ তারিখ ‘রাত দখল’ কর্মসূচির ডাক দেন মহিলারা। তবে শান্তিপূর্ণ সেই আন্দোলনের মধ্যেই আরজিকর হাসপাতালের উন্ড ফ্লোর থেকে শুরু করে দ্বিতীয় তল, এমার্জেন্সি ওয়ার্ড, নার্সিং স্টেশন পর্যন্ত ভাঙচুর চালায় হামলাকারীরা। ভাঙচুর করা হয় পুলিশের গাড়িও। আহত হন একাধিক পুলিশ কর্মী। দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম হন ডিসি নর্থ। হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে। নামানো হয় ব়্যাফও। তবে জুনিয়র ডাক্তারদের একাংশের দাবি, পুলিশ নিজেদের বাঁচাতেই হাসপাতালের ভিতরে কোথাও কোথাও লুকিয়ে পড়ে। সেসময় দুষ্কৃতীরা ভিতরে ঢুকে গিয়ে রোগীর পরিবারদের, মহিলা কর্মীদেরও মারধর করে। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ আরজিকরের জুনিয়র চিকিৎসকরা।
ওইদিন রাতেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে কলকাতা পুলিশ জানিয়েছে অভিযুক্তদের চিহ্নিত করেছে তারা। দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিন কলকাতা পুলিশের তরফে লেখা হয়, ‘আরজিকর হাসপাতালে হানা দিয়ে আন্দোলনরত ডাক্তার ও ডাক্তারি ছাত্রছাত্রীদের উপর হামলা চালায় পাঁচ থেকে সাত হাজার জনের একটি বাহিনী। হাসপাতালের একাংশে ভাঙচুর করে তারা। আমরা গর্বিত ডিসি নর্থ সহ ঘটনাস্থলে কর্তব্যরত আমাদের সহকর্মীদের জন্য। কেননা তাঁরা সংখ্যায় তুলনামূলক ভাবে কম থাকা সত্ত্বেও প্রাণের ঝুঁকি নিয়ে সীমিত ক্ষমতায় হামলাকারীদের মোকাবিলা করার চেষ্টা করে যান। যতক্ষণ না অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলায় আহত হয়েছেন আমাদের বহু সহকর্মী।’
#RGKarHospitalVandalized
#RGkarHospital
#RGkarPrincipalSandeepGhosh
#RGKARDoctorDeath
#Latestbengalinews


More Stories
জার্সিতে যৌন অপরাধে প্রাক্তন শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি
যোনিমুখে বীর্য নিক্ষেপই ধর্ষণের মাপকাঠি নয়, জানাল আদালত
পাশের ঘরে বাবা-মা তবুও ১২ ঘন্টা ধরে চলেছে যৌন নির্যাতন! ইনফ্লুয়েন্সার শমীক অধিকারীর ১০ দিনের পুলিশি হেফাজত