সময় কলকাতা ডেস্ক, ২৪ আগস্টঃ আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। তারই মধ্যে এবার আরজিকর কাণ্ডে সন্দীপ ঘোষ-সহ ছ’জনের পলিগ্রাফ পরীক্ষার প্রক্রিয়া শুরু হল সিবিআই দফতরে। ইতিমধ্যেই দিল্লি থেকে সিবিআইয়ের একটি বিশেষ দল কলকাতায় এসেছে। সিজিওতে এসেছেন কলকাতা পুলিশের চার আধিকারিকও। এদিনই অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের পলিগ্রাফ পরীক্ষাও হতে পারে বলেই সিবিআই সূত্রে খবর।

প্রসঙ্গত, আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় গত বৃহস্পতিবারই নির্যাতিতার চার সহকর্মী, সন্দীপ ঘোষ-সহ ৬ জনের পলিগ্রাফ টেস্টের আবেদন মঞ্জুর করেছে শিয়ালদহ আদালত। শুক্রবার সেই অনুমতিও মিলেছে। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং সঞ্জয় রায় , দুজনেই পলিগ্রাফ পরীক্ষায় সম্মতি দিয়েছেন। তাঁদের সম্মতি ছাড়া এই পরীক্ষা সম্ভব হত না। এদিকে, শুক্রবার ধৃত সিভিক ভলান্টিয়ারকে জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। তাঁর পলিগ্রাফ পরীক্ষা করানোর বিষয়েও তোড়জোর শুরু হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। তাঁকে জেলের বাইরে এনে পরীক্ষা করানো হবে না কি জেলের ভিতরেই পলিগ্রাফ পরীক্ষা সম্ভব, তা এখনও স্পষ্ট হয়নি।
আরও পড়ুন আরজিকর কাণ্ডের প্রতিবাদে পড়ুয়াদের নিয়ে মিছিল করায় হাওড়ার ৩ স্কুলকে শো কজ নোটিস শিক্ষা দফতরের
উল্লেখ্য, এই টেস্টের মাধ্যমে বোঝা যায়, যে কেউ মিথ্যা বলছে কিনা। ময়নাতদন্ত রিপোর্ট দেখে অনেকেরই অনুমান, যে অত্যাচারের কথা বলা হয়েছে এবং যেভাবে ধর্ষণ করা হয়েছে, তাতে একাধিক ব্যক্তি জড়িত রয়েছে। যদিও প্রথম থেকেই নির্যাতিতার বাবা-মা দাবি করে এসেছেন, এই ঘটনায় সঞ্জয় ছাড়াও নির্যাতিতার সহকর্মী-সহ অনেকেই জড়িত। কলকাতা পুলিশও প্রথম থেকেই সে কথা মাথায় রেখেছে। এবার সঞ্জয় রায় এবং তিলোত্তমার সহকর্মীদের এই টেস্ট করলে জানা যেতে পারে, ওই দিন ঘটনার সময়ে তারা ঠিক কী কী করেছিল, তাঁদের সঙ্গে আর কেউ ছিল কিনা এবং আরও নানান তথ্য। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কারও পলিগ্রাফ টেস্ট বা পরীক্ষার মাধ্যমে তার শ্বাস-প্রশ্বাসের গতি, নাড়ির স্পন্দন তথা গতি, রক্ত চাপ, শরীর থেকে কতটা ঘাম বেরোচ্ছে ইত্যাদি দেখা হয়। কেউ মিথ্যা কথা বললে তার হৃৎস্পন্দন এবং রক্তচাপের পরিবর্তন ঘটে। তার মাধ্যমেই একটা ইঙ্গিত পাওয়া যায়। সবসময় যে ১০০ শতাংশ সঠিক ফল মেলে তা নয়, তবুও একটা ধারণা করতে পারেন তদন্তকারীরা।
#polygraphtest
#RGkarHospital
#RGkarPrincipalSandeepGhosh
#RGKARDoctorDeath
#Latestbengalinews
#CGOComplex
#CBI


More Stories
বিশেষ চাহিদাসম্পন্নদের ভালোবাসায় মুগ্ধতার বিশেষ প্রয়াস
নাবালিকা ধ*র্ষণ-হ*ত্যার ঘটনায় পুলিশের হাসিঠাট্টা
পুলিশের জালে তৃণমূল নেত্রী, তোলা হল বারাসাত আদালতে