স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৭ অগস্ট: ডুরান্ড কাপের কোয়াটার ফাইনালে ইস্টবেঙ্গলকে হারিয়ে রীতিমতো চমক দিয়েছিল শিলং লাজং এফসি। সেই দলকে হারিয়ে ডুরান্ড ফাইনালে পৌঁছে গেল নর্থ ইস্ট ইউনাইটেড। প্রথম সেমিফাইনালে শিলংকে তাদের ঘরের মাটিতে ৩-০ গোলে হারিয়ে দিল হাইল্যান্ডার্সরা। পাশাপাশি প্রথম বারের জন্য প্রতিযোগিতার ফাইলান খেলার ছাড়পত্র পেয়ে গেল তারা।
আরও পড়ুন নবান্ন অভিযানের আগে নাকা চেকিং চলাকালীন আগ্নেয়াস্ত্র কার্তুজ-সহ গ্রেফতার পাঁচ যুবক
সোমবার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে লাজং সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। কিন্তু খেলা শুরুর ১৩ মিনিটের মাথায় তাঁদের সব উৎসাহে জল ঢেলে দেন নর্থ ইস্টের থোই সিং। সামতের থ্রো ধরে বিপক্ষের বক্সের মধ্যে ব্যাক হিল করেন আজারাই। সেই বল ধরে পাস বাড়ান জিতিন। সেখানে থেকে নিখুঁত শটে গোলের খাতা খোলেন থোই সিং। দ্বিতীয় গোলটি নিজেই করেন মরক্কোর ফুটবলার আজারাই। ৩৩ মিনিটের মাথায় অফসাইডের ফাঁদ এড়িয়ে এগিয়ে যান তিনি। তারপর বিপক্ষের আগুয়ান গোলরক্ষকের মাথার উপর থেকে শট মারেন। সেই শট ক্রস বারে লেগে ফিরলে ফিরতি শটে গোল করেন আজারাই। বিরতির সময় ২-০ গোলে এগিয়ে ছিল নর্থইস্ট ইউনাইটেড।

দ্বিতীয়ার্ধেও দাপট ধরে রাখে হাইল্যান্ডার্সরা। ৬২ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন আজারাই। বিপক্ষের কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে তাঁর নেওয়া শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময় খেলায় ফেরার মরিয়া চেষ্টা করতে থাকে আয়োজকরা। আক্রমণে লোক বাড়িয়ে গোলের মুখ খোলার চেষ্টা করে তারা। কিন্তু সফল হয়নি। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন লাজংয়ের রনি। দশজনে কাজটা আরও কঠিন হয়ে যায় লাজংয়ের জন্য। সেই সুযোগ নিয়ে আরও একটি গোল করে ব্যবধান বাড়িয়ে নেয় নর্থ ইস্ট। গোল করেন পরিবর্ত হিসেবে মাঠে নামা পার্থিব গগৈ। শেষ পর্যন্ত ৩-০ গোলে জিতে মাঠ ছাড়ে নর্থইস্ট ইউনাইটেড। এর ফলে তারা ফাইনালে মুখোমুখি হবে দ্বিতীয় সেমিফাইনালে মোহনবাগান ও বেঙ্গালুরুর মধ্যে জয়ী দলের।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার