স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১১ সেপ্টেম্বর: বাংলার ক্রীড়াপ্রেমীদের জন্য দুঃসংবাদ। প্রয়াত হলেন দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত টেবিল টেনিস কোচ জয়ন্ত পুশিলাল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার রাতে নিজের নারকেলডাঙ্গার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভারতীয় টেবিল টেনিসের অন্যতম প্রাণ পুরুষ।
বাংলার একাধিক টেবিল টেনিস খেলোয়াড়ের উত্থানের পিছনে ছিলেন জয়ন্ত পুশিলাল। তাঁর শিষ্যরা শুধু দেশের মাটিতে নয়, বিদেশের মাটিতে গিয়েও সাফল্য পেয়েছেন। সেই তালিকায় রয়েছেন অরূপ বসাক, মৌমা দাস, প্রাপ্তি সেনের মতো জাতীয় টেবিল টেনিস খেলোয়াড়রাও। শুধু তাই নয় মার্কিন মুলুকে গিয়েও অলিম্পিয়ান তৈরি করেছেন তিনি। তাঁর মৃত্যুতে বাংলার তথা ভারতের ক্রীড়ামহলে তৈরি হল একটি বড় শূন্যতার।
সম্প্রতি মাতৃবিয়োগ হয়েছিল জয়ন্তর। এবার চলে গেলেন তিনিও। জানা গিয়েছে, দুটি কিডনি বিকল হয়ে গিয়েছিল তাঁর। সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে নিজের শারীরিক অবনতির কথা জানিয়েছিলেন। পাশাপাশি নিজের আর্থিক অনটনের কথাও তুলে ধরেছিলেন। কিন্তু সব কিছুর মধ্যেও লড়াই চালিয়ে যাচ্ছিলেন তিনি। মঙ্গলবার সব লড়াই থেমে গেল। স্ত্রী ও দুই সন্তানকে রেখে না ফেরার দেশে পাড়ি দিলেন জয়ন্ত পুশিলাল। তাঁর মৃত্যুতে শোকের ছায়া ক্রীড়ামহলে।
আরও পড়ুন Mamata Banerjee: টলিপাড়ায় নারী নির্যাতন নিয়ে সরব অভিনেত্রী ঋতাভরী, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর সাথে
নারকেলডাঙার অচেনা গলি থেকে উত্থান হয়েছিল জয়ন্ত পুশিলালের। কোচ হিসেবে তাঁর প্রতিভা কম দিনের মধ্যেই ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে। পরে যা বিস্তারলাভ করে দেশের বাইরেও। ২০২১ সালে তাঁর প্রশিক্ষক জীবনের স্বীকৃতিতে দ্রোণাচার্য সম্মানে ভূষিত হন।


More Stories
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক