স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১১ সেপ্টেম্বর: এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে গোলের বন্যা ভারতের । গত ম্যাচে জাপানকে ৫ গোলে হারিয়েছিলেন হরমনপ্রীতেরা। এ বার মালয়েশিয়াকে ৮ গোলে উড়িয়ে দিলেন তাঁরা। এই নিয়ে প্রতিযোগিতায় টানা তিন ম্যাচে জয় পেল ভারত।

ভারতের বিরুদ্ধে কার্যত কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেনি মালয়েশিয়া। মাত্র তিন মিনিটের মাথায় গোলের খাতা খুলে ফেলে ভারত। গোল করেন রাজকুমার পাল। তিন মিনিট পর ভারতের হয়ে ব্যবধান ২-০ করেন আরাইজিৎ সিং। বাঁ প্রান্ত ধরে একক দক্ষতায় ঢুকে গোল করেন তিনি। পরের মিনিটেই ভারতের হয়ে ব্যবধান ৩-০ করেন যুগরাজ সিং। প্রথম দু’টি গোল আসে ওপেন প্লে থেকে। তবে পেনাল্টি কর্নার থেকে হয় তৃতীয় গোল।
দ্বিতীয় কোয়ার্টারেও একচেটিয়া প্রাধান্য দেখায় ভারত। ২২ মিনিটের মাথায় দলের হয়ে চার নম্বর গোল করেন হরমনপ্রীত। এই গোলটিও আসে পেনাল্টি কর্নার থেকে। ভারতীয় অধিনায়কের শট বাঁচাতে পারেননি মালয়েশিয়ার গোলরক্ষক। দু’মিনিটের মধ্যে আবার গোলের দেখা পায় ভারত। নিজের দ্বিতীয় গোল ও দলের হয়ে পঞ্চম গোল করেন রাজকুমার।
আরও পড়ুনঃ শততম ম্যাচে হ্যারিকেনেই উজ্জ্বল ইংল্যান্ড, নেদারল্যান্ডসের বিরুদ্ধে ড্র জার্মানির
তৃতীয় কোয়ার্টারের শুরুতেই ষষ্ঠ গোল পায় ভারত। হ্যাটট্রিক পূর্ণ করেন রাজকুমার। ৩৪ মিনিটের মাথায় কিছুটা অক্সিজেন পায় মালয়েশিয়া। একটি গোল শোধ করেন আখিমুল্লা। যদিও সেই গোল চাপে ফেলতে পারেনি ভারতকে। ৩৯ মিনিটের মাথায় আবার গোল করে ভারত। দলের সাত নম্বর ও নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন আরাইজিৎ। তৃতীয় কোয়ার্টারে মালেশিয়ার কফিনে শেষ পেরেক পুঁতে দেয় ভারত। দলের হয়ে অষ্টম গোল করেন উত্তম।
চতুর্থ কোয়ার্টারে বেশ কিছু সুযোগ তৈরি হলেও গোল পায়নি কোনও দল। শেষ পর্যন্ত ৮-১ গোলে জিতে মাঠ ছাড়ে ভারত। শনিবার প্রতিযোগিতার বড় ম্যাচ। হরমনপ্রীতদের সামনে পাকিস্তান। তার আগে এই জয় ভারতীয় শিবিরের আত্মবিশ্বাস বাড়াবে বলেই মত বিশেষজ্ঞদের।


More Stories
বিরল রোগে মরণাপন্ন আফগান পেসার দিল্লির
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?