Home » চেন্নাইয়ের চড়া রোদে অনুশীলন ভারতীয় দলের, ফিল্ডিংয়ে জয় কোহলিদের

চেন্নাইয়ের চড়া রোদে অনুশীলন ভারতীয় দলের, ফিল্ডিংয়ে জয় কোহলিদের

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, ১৭ সেপ্টেম্বর: পাঁচ মাস পর কোনও টেস্ট ম্যাচে মাঠে নামবে ভারতীয় পুরুষ দল। বৃহস্পতিবার থেকে বাংলাদেশের বিরুদ্ধে শুরু হবে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম ম্যাচেই চেন্নাইয়ের গরমে খেলতে নামতে হবে রোহিত-কোহলিদের। ইতিমধ্যে চেন্নাইয়ের চড়া রোদে ভারতীয় দলের অনুশীলন শুরু করে দিয়েছেন হেড কোচ গৌতম গম্ভীর। দলের ঐক্য বাড়াতে এবং প্রতিযোগিতামূলক মনোভাব আনতে বিশেষ ফিল্ডিং অনুশীলন করালেন ফিল্ডিং কোচ টি দিলীপও। সেই লড়াইয়ে জয়ী কিং কোহলি। একই সঙ্গে অনুশীলনে বুমরার গতির সামনে হিমশিম খেতে দেখা গেল যশস্বী জয়সওয়াল।
এদিন সমাজ মাধ্যমে ভারতীয় ক্রিকেট বোর্ড একটি ভিডিয়ো পোস্ট করেছে। যেখানে দেখা যাচ্ছে, গোটা দলকে দু’ভাগে ভাগ হয়ে দৌড়, ক্যাচিং, ও ফিল্ডিং অনুশীলন করতে। কোচ দিলীপ বলেছেন, “চেন্নাইয়ের এই গরমে সবাইকে অভ্যস্থ করে তোলার জন্য এই অনুশীলন। আমরা গোটা দলকে দু’ভাগে ভাগ করে প্রথমে কম্পিটিশন ড্রিল  ও পরে ক্যাচিং অনুশীলন করিয়েছি। সব থেকে কম ভুল করে জয়ী হয়েছে বিরাটের দল।” যোগ করেছেন, “ব্যাটারদের মূলত স্লিপ ও ফাইনলেগে দাঁড় করিয়ে অনুশীল করিয়েছি, যেহেতু ম্যাচে ওটাই তাঁদের ফিল্ড পজিশন। যেভাবে সবাই অনুশীলনে  নিজেদের নিংড়ে দিয়েছেন তা দেখে আমি খুশি।”
ভিডিওতে কোহলি, জাডেজার সঙ্গে ঝাঁপ দিয়ে ভালো কিছু ক্যাচ ধরতে দেখা গিয়েছে যশস্বী জয়সওয়ালকেও। তবে নেটে ব্যাট করতে গিয়ে বুমরার সামনে একটু চাপে দেখা গেল যশস্বীকে। তাঁর স্টাম্প ছিটকে দিলেন বুমরা। সেই সঙ্গে তরুণ বাঁহাতি ব্যাটারকে দেখা গেল বুমরার গতি এবং সুইংয়ে বার বার অফস্টাম্পের বাইরের বল খেলতে সমস্যায় পড়লেন। গতি ও বাউন্স একসঙ্গে এলে যশস্বীর সমস্যা হয় তা সাউথ আফ্রিকা সিরিজেও চোখে পড়েছিল। কিন্তু ঘরের মাঠে শেষ টেস্ট সিরিজে ইংরেজদের উড়িয়ে দিয়েছিলেন এই বাঁহাতি ওপেনার। বাংলাদেশের সঙ্গে ভারত ঘরেই মাঠেই খেলতে নামবে, কার্যত পরিচিত আগ্রাসী ছন্দেই  যশস্বীকে দেখতে আগ্রহী ভক্তেরা।
শেষ টেস্ট সিরিজে ভারতের মতই জয় পেয়েছিল বাংলাদেশও। পাকিস্তানকে তাঁদের ঘরের মাঠে হোয়াইট ওয়াশ করে দিয়েছিল শান্তরা। তাই দারুন ছন্দ নিয়েই বাইশ গজে পা রাখবে পড়শি দেশ। ঘরের মাঠে ভারতের জন্য সিরিজ জয় খুব একটা সহজ হবে না।

About Post Author