সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, ১৭ সেপ্টেম্বর: গোটা টুর্নামেন্টে অপরাজেয় থেকেই ফাইনালে ভারত। দক্ষিণ কোরিয়াকে হারানোর পর এবার পঞ্চমবারের জন্য খেতাব জয়ে মরিয়া হরমনপ্রীতরা। তবে মঙ্গলবার ভারতের মুখোমুখি চিন। ফাইনাল খেলতে নামার আগে চিনকে হালকাভাবে নিতে রাজি নন কোচ ক্রেইগ ফাল্টন। হুলুনবুইরে ঘরের মাঠে এবারে ট্রফি জিতে ইতিহাস গড়ার সুযোগ রয়েছে চিনের কাছেও। তবে সমর্থকদের চোখে ফাইনালে ফেভারিট প্যারিস অলম্পিক্সের ব্রোঞ্জজয়ীরাই।
আরও পড়ুন চেন্নাইয়ের চড়া রোদে অনুশীলন ভারতীয় দলের, ফিল্ডিংয়ে জয় কোহলিদের
দুই দলের মধ্যে তুলনামূলক বিচার করে দেখতে গেলে পাল্লা ভারী ভারতেরই। ভারত এবং চিনের মধ্যে এখনও পর্যন্ত মোট ২৩ ম্যাচ খেলা হয়েছে। এরমধ্যে ভারতীয় হকি দল ১৭ ম্যাচে জয়লাভ করেছে। আর চিন মাত্র তিনটে ম্যাচ জিতেছে। বাকি তিনটে ম্যাচ ড্র হয়েছে। আর এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির রেকর্ড দেখলে ভারত এবং চিনের মধ্যে মোট ছয় বার মুখোমুখি হয়েছে। এরমধ্যে পাঁচবার জয় পেয়েছে ভারত। মাত্র একটি ম্যাচে জিতেছে চিন।

চলতি এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে হরমনপ্রীতদের কোনও দলই একটাও ম্যাচে পরাস্ত করতে পারেনি। লিগ পর্যায়ে টিম ইন্ডিয়া ৩-০ গোলে আগেই হারিয়েছে চিনকে। এছাড়াও জাপান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া এবং পাকিস্তানের মত দলগুলিকে হারিয়ে ভারত পৌঁছেছিল সেমি ফাইনালে। এরপর শেষ চারের লড়াইয়ে সামনে ছিল দক্ষিণ কোরিয়া। এদিন ৪-১ গোলে কার্যত তাঁদেরও উড়িয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ক্রেইগ ফাল্টনের দল। অপরদিকে পাকিস্তানকে পেনাল্টি শুটআউটে ২-০ গোলে হারিয়ে প্রথমবার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকির ফাইনালে উঠেছে চিন। প্রথম শিরোপা জয়ের তাগিদে নিজেদের নিংড়ে দেবে তাঁরাও। কার্যত একটা হাড্ডাহাড্ডি ফাইনাল দেখার জন্য মুখিয়ে হকিপ্রেমীরা।


More Stories
রুদ্ধশ্বাস উত্তেজনায় জল ঢালল বৃষ্টি, ৪ রানে জিতল ভারত
ভারতীয় ক্রিকেটের নতুন প্রিন্স
টিম ইন্ডিয়ার রুদ্ধশ্বাস জয়