Home » RG KAR Case: সন্দীপের নার্কো অ্যানালিসিসের আর্জিতে এবার আদালতের দারস্থ হবে সিবিআই

RG KAR Case: সন্দীপের নার্কো অ্যানালিসিসের আর্জিতে এবার আদালতের দারস্থ হবে সিবিআই

সময় কলকাতা ডেস্ক, ২০ সেপ্টেম্বরঃ  আরজি করের আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে নেমে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে  গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী  সংস্থা। এবার সন্দীপের নার্কো অ্যানালিসিস করাতে চাইছে তাঁরা। সিবিআই সূত্রে খবর, আদালতের অনুমতি পেলে গুজরাটে নিয়ে গিয়ে সন্দীপের এই টেস্ট করাবে সিবিআই।জানা গিয়েছে এই দাবিতেই আবার শিয়ালদহ আদালতের দারস্থ হতে চলেছে সিবিআই কর্তারা। পাশাপাশি টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের পলিগ্রাফ টেস্ট করানোর আবেদনও করা হবে বলে খবর।

গত ১৫ সেপ্টেম্বর সন্দীপ ঘোষকে মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলায় প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার করেছে সিবিআই। তারপর শিয়ালদহ আদালতের অনুমতিতে প্রাক্তন অধ্যক্ষের পলিগ্রাফ পরীক্ষা করানো হয়েছিল। তবে সিবিআইয়ের দাবি সেই পরীক্ষাও ফলপ্রসূ হয়নি। পলিগ্রাফ টেস্টে সন্দীপের বয়ান সিএফএসএল (সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি)-এর রিপোর্ট অনুযায়ী ‘বিভ্রান্তিকর’ ছিল। কার্যত তাঁর বয়ান থেকে স্বচ্ছ কোন তথ্য পাওয়া যায়নি। সেই ধোঁয়াশা কাটাতেই গুজরাটে নিয়ে গিয়ে তাঁর নারকো পরীক্ষা করাতে চায় তদন্তকারীরা। এবিষয়ে সন্দীপকে জানানো হলে সে  নার্কো টেস্ট করতে স্পষ্ট মানা করে দিয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্তারা মনে করছেন, এই আরজি কর কাণ্ডের নেপথ্যে রয়েছে বড়সড়  ‘ষড়যন্ত্র’। সূত্রের খবর, সে কারণেই নার্কো অ্যানালিসিস করাতে চাইছে সিবিআই। এই নিয়ে আদালতে আবেদন করে তারা। ইতিমধ্যেই সন্দীপের ডাক্তারির ছাড়পত্র বাতিল করেছে পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল। বৃহস্পতিবার এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নামের আগে আর ডাক্তার লিখতে পারবেন না জেলবন্দী সন্দীপ ঘোষ।  ঘটনায় নির্দোষ প্রমাণিত না হলে, আর কখনই কোনও সরকারি হাসপাতালে চিকিৎসা করতে পারবেন না তিনি।

আরও পড়ুন Supreme Court: সুপ্রিম কোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল হ‍্যাক্ড! উধাও আরজি করের শুনানির ভিডিও

সন্দীপ ঘোষের নার্কো টেস্টের পাশাপাশি এদিন টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকেও পলিগ্রাফ পরীক্ষা করানোর আর্জি জানায় সিবিআই। তবে সূত্রের খবর কেন্দ্রীয় তদন্তবাহিনীর এই আবেদনে এখনও অনুমতি দেয়নি আদালত। প্রসঙ্গত, আরজি কর কাণ্ডে ইতিমধ্যেই ৯ জনের পলিগ্রাফ পরীক্ষার অনুমতি দিয়েছে শিয়ালদা আদালত। সেই মতো তাঁদের পলিগ্রাফ টেস্টও হয়েছে। যাদের মধ্যে ছিল মূল অভিযুক্ত সঞ্জয় রাইও। তবে কারও জবাবেই সন্তুষ্ট নয় গোয়েন্দারা। তাই এবার সন্দীপের নার্কো অ্যানালিসিস চাইছে সিবিআই।

About Post Author