স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৭ সেপ্টেম্বরঃ চলতি ইন্ডিয়ান সুপার লিগে অভিষেক হয়েছে কলকাতার অন্যতম প্রধান ক্লাব মহামেডান স্পোর্টিংয়ের । এ বার ভারতীয় ফুটবলের সর্বোচ্চ পর্যায়ের লিগে জয়ের স্বাদ পেল সাদা-কালো ব্রিগেড। গত ম্যাচে ঘরের মাঠে এফসি গোয়ার বিরুদ্ধে অল্পের জন্য জয় হাতছাড়া হয়েছিল আন্দ্রে চের্নিশভের ছেলেদের। বৃহস্পতিবার চেন্নাইয়িন এফসিকে তাদের ঘরের মাঠে হারিয়ে সেই আক্ষেপ কিছুটা মেটালেন তাঁরা।

চলতি আইএসএলে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নেমেছিল মহামেডান। প্রথম ম্যাচে ডুরান্ডজয়ী নর্থইস্টের বিরুদ্ধে নজরকাড়া ফুটবল উপহার দেন ফানাই, গোমেজরা। কিন্তু দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে গোল খেয়ে হারতে হয়। গোয়া এফসির বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে ড্র করলেও চের্নিশভের ছেলেদের খেলায় গঠনমূলক পরিকল্পনার ছাপ ছিল স্পষ্ট। বৃহস্পতিবার প্রথম অ্যাওয়ে ম্যাচে চেন্নাইয়িন এফসির মুখোমুখি হয়েছিল সাদা কালো ব্রিগেড। যারা প্রথম ম্যাচে ওড়িশার মাটিতে সের্জিও লোবেরার দলকে হারিয়েছে। ফলে মহামেডান স্পোর্টিংয়ের পক্ষে কাজটি যে সহজ হবে না, সেটা বোঝা গিয়েছিল। কিন্তু সেই কঠিন কাজটি করে দেখাল কলকাতার ঐতিহ্যশালী ক্লাবটি। ওয়েন কয়েলের ছেলেদের তারা হারিয়ে দিল ১-০ গোলে। ৩৯ মিনিটের মাথায় ম্যাচের নির্ণায়ক গোলটি করেন লালরেমসাঙ্গা ফানাই। কিছুটা চেন্নাইয়িন রক্ষণের ভুলে বক্সের মধ্যে বল পেয়ে গিয়েছিলেন তিনি। সেখান থেকে জালে বল জড়াতে ভুল করেননি মিজোরামের ২২ বছরের এই ফুটবলার। পাশাপাশি, ক্লাবের প্রায় ১৩৩ বছরের ইতিহাসে জায়গা করে নিলেন। অবদান রাখলেন আইএসএলে দলের প্রথম জয়ে।
ঘরের মাঠে যদিও শুরুটা ছিল চেন্নাইয়িনের পক্ষেই। ড্যানিয়েল চিমাদের আক্রমণ রুখতেই মনোযোগ দিতে হয় মহামেডান রক্ষণকে। সাত মিনিটের মধ্যে দুইবার গোলের সুযোগ পেয়ে গিয়েছিল কয়েলের দল। কিন্তু ইরফানের হেডার অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল মহামেডানও। বিপক্ষের গোলরক্ষককে কাটিয়েও ফাঁকা গোলে বল ঠেলতে পারেননি অ্যালেক্সিস গোমেজ। গত দুই ম্যাচেও প্রচুর গোলের সুযোগ তৈরি করলেও, সদ্ব্যবহার করতে পারেনি মহামেডান। এদিনও অনেক সুযোগ নষ্ট করলেও দলের হয়ে কাজের কাজটি করে যান ফানাই।
আরও পড়ুনঃ OPTICAL ILLUSION: মাত্র ১ শতাংশ পেরেছেন ৩৫ সেকেন্ডে ৩ টি পার্থক্য খুঁজে বার করতে, আপনি পারবেন?
পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধে চাপ বাড়ায় চেন্নাইয়িন। গুরকিরতরা বারবার পরীক্ষার মুখে ফেলছিলেন মহামেডান রক্ষণকে। গত ম্যাচে শেষ মুহূর্তে গোল হজম করে দুই পয়েন্ট হারাতে হয়েছিল। এ দিন অবশ্য শেষের দিকে নিজেদের দূর্গ ভালই আগলালেন গৌরব বোরারা। সংযুক্ত সময়ে ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ চলে আসে মহামেডানের কাছে। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে পারেননি মানজোকি। যদিও শেষ পর্যন্ত ৩ পয়েন্ট পেয়ে মাঠ ছাড়তে হয় মহামেডান ব্রিগেডকে।


More Stories
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক