Home » Flood Relief: বন্যার ক্ষতিপূরণে রাজ্যের জন্য ৪৬৮ কোটি বরাদ্দ কেন্দ্রের, অনুদানেও বঞ্চনার অভিযোগ রাজ্যের

Flood Relief: বন্যার ক্ষতিপূরণে রাজ্যের জন্য ৪৬৮ কোটি বরাদ্দ কেন্দ্রের, অনুদানেও বঞ্চনার অভিযোগ রাজ্যের

সময় কলকাতা ডেস্ক, ২ অক্টোবরঃ একদিকে বৃষ্টিপাত, অন্যদিকে ডিভিসির জল। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় ধস নেমেছে। এই পরিস্থিতিতে বন্যা মোকাবিলায় রাজ্যকে আর্থিক সাহায্য করল কেন্দ্র।

বন্যায় বিধ্বস্ত বাংলা। বাংলার বন্যা পরিস্থিতি নিয়ে একাধিকবার কেন্দ্রকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তিনি উল্লেখও করেছেন, ডিভিসির অপরিকল্পিত জল ছাড়ার জেরে ২০০৯ সালের পর সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতির সামনে দাঁড়িয়ে রয়েছে বাংলা। এসবের মাঝেই মঙ্গলবার বন্যা মোকাবিলায় রাজ্যকে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিল কেন্দ্র। রাজ্যের জন্য বরাদ্দ করা হল ৪৬৮ কোটি টাকা। তবে শুধু পশ্চিমবঙ্গ নয়, বন্যা বিধ্বস্ত আরও ১৩টি রাজ্যকে আর্থিক সাহায্য করা হয়েছে। সবমিলিয়ে ১৪টি রাজ্যের জন্য প্রায় ৫৮৫৯ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। মঙ্গলবার কেন্দ্রীয় এই বরাদ্দের কথা এক্স হ্যান্ডলে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্র যে রাজ্যগুলির পাশে রয়েছে, সেকথা জানান তিনি। এক্স হ্যান্ডলে অমিত শাহ জানিয়েছেন, প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় রাজ্যগুলির সবসময় পাশে রয়েছে কেন্দ্র।

তবে এখানেও কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলেছে রাজ্যের শাসকদল। তৃণমূলের দাবি মোট অনুদানের সিংভাগই পেয়েছে বিজেপি জোট শাসিত রাজ্যগুলি। তারমধ্যে রয়েছে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, বিহার, গুজরাট, অসম। সেখানে বাংলার ভাগ্যে জুটেছে অনেক কম অনুদান। প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ১৪টি বন্যা বিধ্বস্ত রাজ্যের জন্য ৫৮৫৮.৬০ কোটি টাকা বরাদ্দ করেছে। যে ১৪টি রাজ্যকে কেন্দ্র এদিন সাহায্যের কথা জানিয়েছে তার সেগুলির মধ্যে সবচেয়ে বেশি অনুদান পেয়েছে মহারাষ্ট্র। বন্যাত্রাণের পরিমাণ প্রায় ১ হাজার ৪৯২ কোটি টাকা । এখানেও অভিযোগ সামনে এই রাজ্যে বিধানসভা নির্বাচন থাকায় মোদি সরকারের এই সিদ্ধান্ত। চন্দ্রবাবু নাইডুর অন্ধ্রপ্রদেশের জন্য ধার্য হয়েছে ১ হাজার ৩৬ কোটি টাকা। হিমন্ত বিশ্বশর্মার অসমকে দেওয়া হয়েছে ৭১৬ কোটি টাকা। নীতিশ কুমারের বিহারকে দেওয়া হয়েছে ৬৫৫.৬০ কোটি টাকা। বিজেপি শাসিত গুজরাটকে দেওয়া হয়েছে ৬০০ কোটি। সেখানে  বাংলার জন্য বরাদ্দ করা হয়েছে ৪৬৮ কোটি টাকা।

আরও পড়ুনঃ Tea Garden Workers Bonus: চা শ্রমিকদের ১৬ শতাংশ হারে বোনাস দেওয়া হোক, বাগান মালিকদের আবেদন রাজ্যের

এক বিবৃতিতে জানানো হয়েছে, ইন্টার মিনিস্ট্রিয়াল সেন্ট্রাল টিম আইএমসিটি বিভিন্ন রাজ্যে পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছে। খুব শীঘ্রই আইএমসিটি বিহার ও পশ্চিমবঙ্গে পরিস্থিতি খতিয়ে দেখতে যাবে। তাদের রিপোর্ট পাওয়ার পর প্রক্রিয়া মেনে NDRF থেকে আরও আর্থিক সাহায্য করা হবে। চলতি বছরে ২১টি রাজ্যকে সবমিলিয়ে ১৪ হাজার ৯৫৮ কোটি টাকা দেওয়া হয়েছে। বাংলার বন্যা পরিস্থিতি নিয়ে একাধিকবার কেন্দ্রকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্যার জন্য দায়ী করেছেন ডিভিসিকে। একাধিকবার অভিযোগ করেছেন,  বাংলায় বন্যা পরিস্থিতির মোকাবিলায় আর্থিক সাহায্য না করার বিষয়টিও। টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা, বিশেষ করে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর কার্যত জলের তলায়। এসবের মধ্যেই কেন্দ্রীয় অনুদান আসল। তবে কেন্দ্রের ক্ষতিপূরণ হিসাবে জুটল মাত্র ৪৬৮ কোটি টাকা। তবে কেন্দ্রের যুক্তি যে রাজ্যে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সেটার আন্দাজ করেই এই অনুদানের বণ্টন। আগামী দিনে কেন্দ্রীয় দলের পর্যবেক্ষণের পর ক্ষতিপূরণের পরিমাণ বাড়ানো হবে।

About Post Author