স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩ অক্টোবরঃ একটা সময় বার্সেলোনার হয়ে ফুল ফুটিয়েছেন লিওনেল মেসি ও লুই সুয়ারেজ। লা লিগা হোক বা চ্যাম্পিয়ন্স লিগ কোনও ট্রফিই অধরা থাকেনি এই জুটির। ফের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিতে জুটি বেঁধেছেন দুজনে। আর তাঁদের হাত ধরেই ক্লাবের ইতিহাসে দ্বিতীয় শিরোপা জিতল ডেভিড বেকহ্যামের দল। ফাইনালে কলোম্বাসকে উড়িয়ে সাপোর্টার্স শিল্ড নিজেদের নামে করে নিল তারা। খেলার ফল মিয়ামির পক্ষে ৩-২। জোড়া গোল করলেন আর্জেন্টিনার মহাতারকা মেসি। একটি গোল আসে সুয়ারেজের পা থেকেও।

মেসির যোগদানের পর গত বছর লিগস কাপ ঘরে তুলেছিল ইন্টার মিয়ামি। সেটাই ছিল ক্লাবটির প্রথম ট্রফি। এ বার দ্বিতীয় ট্রফি জয়ের স্বাদ পেল ‘দ্য হেরনস ভাইস সিটি’। ভারতীয় সময় বৃহস্পতিবার ভোরে সাপোর্টার্স শিল্ডের ফাইনালে কলম্বাসের মুখোমুখি হয়েছিল মিয়ামি। ওহিয়োর লোয়ার ডট কম ফিল্ড স্টেডিয়ামে শুরু থেকেই দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই হয়। কিন্তু কোনও দলই কাঙ্খিত গোলের দেখা পাচ্ছিল না। ২৫ মিনিটের মধ্যে দুই দলের একটি করে গোল অফসাইডের জন্য বাতিল হয়। অবশেষে প্রথমার্ধের শেষ লগ্নে ইন্টার মিয়ামির হয়ে জোড়া গোল করেন সেই মেসি। ৪৪ মিনিটের মাথায় জোর্ডি আলবার বাড়ানো লম্বা পাস ধরে বিপক্ষের ডিফেন্ডার ও গোলরক্ষককে বোকা বানিয়ে বল জালে জড়িয়ে দেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। প্রথমার্ধের সংযুক্ত সময়ে বক্সের বাইরে থেকে অনবদ্য ফ্রিকিকে দলের হয়ে ব্যবধানও বাড়ান তিনি।
আরও পড়ুনঃ UEFA CHAMPIONS LEAGUE: চ্যাম্পিয়ন্স লিগে দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে হার রিয়াল ও বায়ার্নের
বিরতির পর বাঁ পায়ের শটে একটি গোল শোধ করেন কলম্বাস মিডফিল্ডার দিয়েগো রোসি। তবে জবাব দিতে বেশি সময় নেয়নি মিয়ামিও। মাত্র দুই মিনিট পরেই দলের হয়ে ব্যবধান বাড়ান লুই সুয়ারেজ। মিয়ামি মিডফিল্ডারের লম্বা বাড়ানো পাস ধরতে গিয়ে ফস্কান কলম্বাস গোলরক্ষক। সেই সুযোগকে কাজে লাগিয়ে হেডারে বল জালে জড়িয়ে দেন সুয়ারেজ। ৬১ মিনিটে পেনাল্টি থেকে একটি গোল শোধ করে ম্যাচে ফেরার চেষ্টা করে কলম্বাস। কিন্তু তার ঠিক দু’মিনিটের মাথায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রুডি কামাচো। দশজনে হয়ে আর গোল শোধ করতে পারেনি কলম্বাস। শেষ পর্যন্ত ৩-২ গোলে জয় নিশ্চিত করে মিয়ামি। এই জয়ের ফলে নিজের ফুটবল জীবনের ৪৬ তম ট্রফি জয়ের স্বাদ পেলেন লিওনেল মেসি।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার