Home » Arjun Singh: ‘নবান্ন থেকে আমাকে খুনের পরিকল্পনা মমতার..’, বাড়িতে বোমাবাজীর ঘটনায় বিস্ফোরক ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ

Arjun Singh: ‘নবান্ন থেকে আমাকে খুনের পরিকল্পনা মমতার..’, বাড়িতে বোমাবাজীর ঘটনায় বিস্ফোরক ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ

সময় কলকাতা ডেস্ক, ৫ অক্টোবরঃ ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে বোমা ও গুলি চালানোর ঘটনায় জারি রয়েছে ধরপাকড়। ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের সঙ্গে রাজনৈতিক যোগসাজশ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। শনিবার নিজের বাড়িতে হামলা নিয়ে বিস্ফোরক দাবি করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। অর্জুনের দাবি নবান্ন থেকে তাঁকে খুনের ষড়যন্ত্র করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের বাড়িতে হামলার অভিযোগে চার জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের বিরুদ্ধে বোমাবাজি এবং গুলি চালানোর অভিযোগ রয়েছে। ঘটনার পর চব্বিশ ঘণ্টা কেটে গেলেও থমথমে জগদ্দল। শুক্রবার সকালে অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ ওঠে। উত্তেজনা ছড়ায় জগদ্দলের মেঘনা মোড়ে। ব্যারকপুরের প্রাক্তন সাংসদ ও বিজেপি নেতা জানান, বোমার স্প্রিন্টার তাঁর পায়ে লাগে। অর্জুন সিং দাবি করেন, ২০-২৫ জন পুলিশকর্মী ছিলেন। তাঁদের সামনেই বোমা ছোড়া হয়। এই ঘটনায় সরাসরি মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলেছেন ব্যারাকপুরের দাপুটে নেতা। তিনি দাবি করেন নবান্ন থেকে তাঁকে খুনের চক্রান্ত করছেন মমতা। পাশাপাশি আক্রমণকারীদের ছাগল-গরুর সঙ্গেও তুলনা করেছেন। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম ।

ব্যারাকপুরের রাজনীতিতে অর্জুন সিং এক বহুল চর্চিত চরিত্র। একসময় কংগ্রেস নেতা অর্জুন তৃণমূল প্রতিষ্ঠার পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সৈনিক হয়েছিলেন। ২০০১ থেকে টানা চারটি বিধানসভা ভোটে ভাটপাড়া থেকে তৃণমূলের টিকিটে জয়ীও হন তিনি। কিন্তু ২০১৯ সালে লোকসভা ভোটে তৃণমূলের টিকিট না পেয়ে বিজেপিতে যোগ দেন। ব্যারাকপুরে দাঁড়িয়ে জয়ীও হন তিনি। কিন্তু তিন বছর দু’মাস পরে ২০২২ সালে মে মাসে তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আবার তৃণমূলে ঘরওয়াপসি হয় অর্জুনের। কিন্তু ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দলের টিকিট না পেয়ে আবারও বিজেপিতে ফিরে যান অর্জুন। মাত্র কয়েকদিনের ব্যবধানে যোগ দিয়ে আবারও ব্যারাকপুরেই বিজেপি তাঁকে প্রার্থী করে। কিন্তু কড়া টক্করের পর তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিকের কাছে হেরে যান তিনি। বাড়িতে হামলা নিয়ে এ দিন ব্যারাকপুরের সাংসদকেও এক হাত নিয়েছেন অর্জুন। পাশাপাশি অর্জুনের বাক্যবাণ থেকে রেয়াত পায়নি পুলিশও।

আরও পড়ুনঃ  উত্তপ্ত জয়নগরে হাজির অগ্নিমিত্রা-মীনাক্ষীরা, জবাব চেয়ে মুখোমুখি বচসা পুলিশের সঙ্গে

অর্জুনের বাড়িতে হামলার অভিযোগও এই প্রথম নয়। ২০২১ সালে অর্জুনের বাড়ি মজদুর ভবনে হামলা এবং বোমাবাজির অভিযোগ উঠেছিল। সেই ঘটনার তদন্তের দায়িত্ব পেয়েছিল এনআইএ। এসবের মধ্যেই ফের অর্জুনের বাড়ি লক্ষ্য করে গুলি চালানো এবং বোমাবাজির অভিযোগ। ভোটের মরশুমে বার বার উত্তপ্ত হয়েছে ভাটপাড়া-জগদ্দল-সহ ব্যারাকপুর শিল্পাঞ্চল। এর আগেও বিভিন্ন সময়ে জগদ্দল-ভাটপাড়া এলাকা বোমাবাজি ও দুষ্কৃতী দৌড়াত্মের জন্য খবরের শিরোনামে উঠে এসেছে। আবারও অর্জুনের বাড়িতে বোমাবাজীর ঘটনা প্রমাণ করল ভাটপাড়া রয়েছে ভাটপাড়াতেই।

About Post Author