Home » Sarfaraz Khan: ইরানি ট্রফি জয়ের নায়ককে বাদ দিয়েই রঞ্জি ট্রফির প্রথম দুম্যাচের দলঘোষণা মুম্বইয়ের

Sarfaraz Khan: ইরানি ট্রফি জয়ের নায়ককে বাদ দিয়েই রঞ্জি ট্রফির প্রথম দুম্যাচের দলঘোষণা মুম্বইয়ের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৮ অক্টোবরঃ মুম্বইয়ের ইরানি ট্রফি জয়ের অন্যতম নায়ক তিনি। ভারতের অবশিষ্ট একাদশের বিরুদ্ধে খেলেছিলেন ঐতিহাসিক ২২২ রানের অপরাজিত ইনিংস। প্রায় ২৭ বছর অধরা ইরানি ট্রফি জয়ের স্বাদ পেয়েছিল মুম্বই। কিন্তু সেই সরফরাজ খানকে ছাড়াই আসন্ন রঞ্জি ট্রফির প্রথম দুম্যাচের দল ঘোষণা করল মুম্বই। কেন দলে রাখা হয়নি জাতীয় দলের ব্যাটারকে?

আগামী ১১ অক্টোবর থেকে শুরু হচ্ছে রঞ্জি ট্রফি। উদ্বোধনী ম্যাচে বরোদার বিরুদ্ধে মাঠে নামতে চলেছে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই। পরের শুক্রবার অর্থাৎ ১৮ অক্টোবর তাদের দ্বিতীয় ম্যাচ। প্রতিপক্ষ মহারাষ্ট্র। এই দুটি ম্যাচের জন্য দলঘোষণা করা হল। মুম্বইকে এ বার নেতৃত্ব দেবেন কাউন্টি ক্রিকেটে দুরন্ত ফর্মে থাকা অজিঙ্কে রাহানে। দলে শ্রেয়স আয়ার, পৃথ্বী শ, শার্দূল ঠাকুরের মত জাতীয় দলে খেলা পরিচিত ক্রিকেটারেরা রয়েছেন। কিন্তু যেই দলের কথা ঘোষণা করেছেন মুম্বইয়ের নির্বাচকেরা, সেখানে নেই সরফরাজ খানের নাম। কেন তাঁকে দলে রাখা হয়নি?

আরও পড়ুনঃ Andreas Iniesta: একটি বর্ণময় অধ্যায়ের ইতি, ফুটবলকে বিদায় জানালেন আন্দ্রে ‘ডন’ ইনিয়েস্তা, আবেগঘন বার্তা বন্ধু মেসির

আরও পড়ুনঃ Mohun Bagan: এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-২ থেকে বাদ দেওয়া হল মোহনবাগানকে, কেন?

সম্ভাব্য কারণ হিসেবে উঠে এসেছে নিউজিল্যান্ড সিরিজের দলে থাকবেন সরফরাজ। আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হবে সেই সিরিজ। ফলে মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে প্রতিনিধিত্ব করলে টেস্টের আগে পর্যাপ্ত বিশ্রাম পাবেন না সরফরাজ। গত বাংলাদেশ সিরিজে স্কোয়াডে থাকলেও একটিও টেস্ট খেলার সুযোগ পাননি তিনি। মাঝপথে ফিরতে হয়েছিল। ইরানি ট্রফিতে খেলে ফের প্রমাণ করে দিয়েছেন রানের মধ্যেই রয়েছেন সরফরাজ। ফলে কিউয়িদের বিরুদ্ধে জাতীয় দলের মিডল অর্ডারে ফিরতে পারেন। তাই তাঁকে ছাড়াই রঞ্জি ট্রফি অভিযান শুরু করতে চলেছে মুম্বই। রঞ্জি দলে নেই সরফরাজের ভাই মুশিরও। কারণ সম্প্রতি একটি গাড়ি দুর্ঘটনায় জখম হন তিনি। এ বার রঞ্জি চ্যাম্পিয়ন হলে ক্রিকেটারদের এক কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে মুম্বই ক্রিকেট বোর্ড।      

রঞ্জি ট্রফির প্রথম ২ ম্যাচের জন্য মুম্বই স্কোয়াড : অজিঙ্ক রাহানে (অধিনায়ক), পৃথ্বী শ, আয়ুষ মাত্রে, অঙ্গকৃষ রঘুবংশী, শ্রেয়স আইয়ার, সিদ্ধেশ লাড, সূর্যাংশ শেডগে, হার্দিক তোমার (উইকেটকিপার), সিদ্ধান্ত আধাতরাও (উইকেটকিপার), শামস মুলানি, তনুষ কোটিয়ান, হিমাংশু সিং, শার্দূল ঠাকুর, মোহিত অবস্থি,মহম্মদ জুনেদ খান, রয়স্টন ডায়াস।

About Post Author