Home » Andreas Iniesta: একটি বর্ণময় অধ্যায়ের ইতি, ফুটবলকে বিদায় জানালেন আন্দ্রে ‘ডন’ ইনিয়েস্তা, আবেগঘন বার্তা বন্ধু মেসির

Andreas Iniesta: একটি বর্ণময় অধ্যায়ের ইতি, ফুটবলকে বিদায় জানালেন আন্দ্রে ‘ডন’ ইনিয়েস্তা, আবেগঘন বার্তা বন্ধু মেসির

অর্কজ্যোতি বন্দ্যোপাধ্যায়, সময় কলকাতা, ৮ অক্টোবরঃ অন্যান্য ফুটবলারদের মত বাহারী চুলের ছাট, শরীরের উল্কি বা কানের দুলে নিজেকে আকর্ষণীয় করে তোলার চেষ্টা কখনও করেননি। বরং বেঁটে-খাটো ছিপছিপে সাদামাটা গড়নের মানুষটি বিশ্বফুটবলকে সম্মোহিত করেছিলেন নিজের পায়ের জাদুতে। বল ধরে দুলকি চালে পাঁচ-ছয় জনকে অবলীলায় পিছনে ফেলে এগিয়ে যাওয়ার ক্ষমতা তিনি রাখতেন। ফুটবল মাঠের কঠিন খেলাটা যে কত সহজে খেলা যায়, সেটাও তিনি দেখিয়েছেন। তাঁর পায়ের মন্ত্রমুগ্ধকর শৈল্পিক কারুকার্য দেখার জন্য বহু বিনিদ্র রজনী কাটিয়েছে ফুটবল পাগল জনতা। তবে আর ফুটবলের আঙিনায় সেই জাদুর ঝলক দেখা যাবে না। দীর্ঘ জল্পনার পর সবধরনের ফুটবলকে বিদায় জানালেন আন্দ্রে ‘ডন’ ইনিয়েস্তা । শেষ হল একটি বর্ণোজ্জ্বল ফুটবল অধ্যায়ের।

গত সপ্তাহে অবসরের ইঙ্গিত দিয়েছিলেন স্পেনের বিশ্বজয়ী মিডফিল্ডার। কিন্তু তিনি চেয়েছিলেন ৮ তারিখ অবসর গ্রহণ করতে। কারণ এই সংখ্যাটা তাঁর প্রিয়। সারাজীবন স্পেন ও বার্সেলোনার হয়ে এই জার্সিতেি ভুবন মাতিয়েছেন ইনিয়েস্তা। নিজেকে গড়ে তুলেছেন সর্বকালের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে। সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে অবসরের বার্তা দিয়েছেন ইনিয়েস্তা। যেখানে ক্যাপশনে তিনি লেখেন, ‘খেলাটা কিন্তু চলতেই থাকবে’। শেষবার সংযুক্ত আরব আমীরশাহীর ক্লাব এমিরেটসের হয়ে মাঠে নামেন এই সৃজনশীল মিডফিল্ডার। তাঁর কাছে সুযোগ ছিল আরও এক বছর এই ক্লাবে খেলা চালিয়ে যাওয়ার, কিন্তু নিজের পেশাদারী ফুটবলকে আর দীর্ঘায়িত করলেন না স্পেনের কিংবদন্তী ফুটবলার।   

বার্সেলোনার অ্যাকাডেমী লা মাসিয়া থেকে উত্থান ইনিয়েস্তার। তারপর দীর্ঘদিন কাতালান ক্লাবের জার্সিতে মাঠে ফুল ফুটিয়েছেন তিনি। ইনিয়েস্তা-জাভি-মেসি ত্রয়ীর সৌজন্যে ক্লাব ফুটবলে এমন কোনও শিরোপা নেই যা জেতেনি বার্সেলোনা। বন্ধুুর অবসরের সিদ্ধান্তে আবেগঘন বার্তা দিয়েছেন লিওনেল মেসিও। ইনিয়েস্তার দীর্ঘদিনের সতীর্থ লিখেছেন, “আমার ফুটবল জীবনে তোমার সঙ্গ সবথেকে বেশি উপভোগ করেছি। তুমি সত্যিই জাদুকর। বল তোমার স্পর্শ মিস করবে।  মিস করব আমরাও। পরবর্তী জীবনের জন্য শুভেচ্ছা।” 

আরও পড়ুনঃ Johan Neeskens: ৭৩ বছর বয়সে প্রয়াত হলেন ক্রুয়েফের প্রাক্তন সতীর্থ জোহান নিস্কেনস

আরও পড়ুনঃ Women’s T20 World Cup: পাকিস্তানকে হারালেও সেমিফাইনালে ওঠার অঙ্ক এখনও জটিল হরমনপ্রীতদের

About Post Author