স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১০ অক্টোবরঃ এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের। সেই দ্বীপরাষ্ট্রকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাড়তি অক্সিজেন পেলেন হরমনপ্রীতরা। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে এই ম্যাচে জিততেই হত ভারতকে। শুধু জয় নয়, দরকার ছিল বড় ব্যবধানে জয়ের। দুটি লক্ষ্যেই সফল হল ভারতের মেয়েরা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৭২ রান তোলেন তাঁরা। জবাবে ১৯.৫ ওভারে ৯৫ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। ৮২ রানে জিতে গ্রুপের দ্বিতীয়স্থানে উঠে এল ভারত।

দুবাইয়ে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কউর। বড় ব্যবধানে জয়ের লক্ষ্যে দ্রুত রান তুলতে থাকেন দুই ওপেনার শেফালি বর্মা ও স্মৃতি মান্ধানা। প্রথম দুই ম্যাচে দাগ কাটতে পারেনি ভারতের টপ অর্ডারের এই দুই ব্যাটার। কিন্তু এই ম্যাচে নিরাশ করলেন না। মাত্র ১২.৪ ওভারের মধ্যে ৯৮ রানের জুটি গড়েন দুজনে। ৩৮ বলে ৫০ রান করে রান আউট হয়ে যান স্মৃতি। পরের বলেই আউট হন শেফালি। অর্ধশতরানের দোরগরা থেকে ফেরেন তিনি। ৪০ বলে করেন ৪৩ রান। জোড়া উইকেট হারালেও ভারতের উপর চাপ পড়তে দেননি অধিনায়ক হরমনপ্রীত। ২৭ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন তিনি। শেষ পর্যন্ত ১৭২ রান তোলে ভারত।
আরও পড়ুনঃ India Vs Bangladesh: রিঙ্কু-নীতিশদের ‘ডরহীন’ ক্রিকেটে বাংলাদেশকে দুরমুশ করে সিরিজ জয় ভারতের
এশিয়া কাপের ফাইনালে ভারতের বোলারদের বিরুদ্ধে দাপট দেখিয়েছিলেন শ্রীলঙ্কার ব্যাটারেরা। এ দিন সেই সুযোগ তাঁরা পাননি। বরং বল হাতে অনেক বেশী সক্রিয় ছিলেন অরুন্ধতি, আশা, রেণুকারা। প্রথম তিন ওভারে ৬ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। দলের অধিনায়ক ও এশিয়া কাপ জয়ের নায়ক চামারি আতাপাত্তু ফিরে যান মাত্র ১ রানে। তারপর লঙ্কার ইনিংসে ধস নামে। মিডল অর্ডারে কিছুটা লড়াই করেছিলেন কভিশা দিলহারি ও অনুষ্কা সঞ্জীবনী। কিন্তু তা ম্যাচ জয়ের পক্ষে যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ৯০ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা।


More Stories
টুটু বসু প্রয়াত
পাকিস্তানকে ধ্বংস করল বাংলাদেশ
জমে উঠেছে পাকিস্তান বাংলাদেশ টেস্ট