স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১০ অক্টোবরঃ ঘরের মাটিতে অনায়াসে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত। বুধবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ৮৭ রানে জিতলেন সূর্যকুমার যাদবেরা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২১ রান তোলেন তাঁরা। জবাবে ব্যাট করতে নেমে ১৩৫ রানে থামতে হয় পড়শি দেশকে। ভারতের হয়ে প্রথমে ব্যাট ও পরে বল হাতে অনবদ্য পারফরম্যান্স করেন নীতিশ কুমার রেড্ডি ।

ভারতীয় দলের মিডল অর্ডারে ক্রমেই বাড়ছে প্রতিযোগিতা। বাংলাদেশ সিরিজে বেশ কয়েকজন নতুন মুখকে দেখে নিতে চেয়েছিলেন কোচ গৌতম গম্ভীর। দলে অভিষেক হয়েছে অন্ধ্রপ্রদেশের তরুণ প্রতিভাবান অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডির। গোয়ালিয়রে প্রথম ম্যাচে নিজেকে প্রমাণ করার সুযোগ পাননি। ১৫ বলে ১৬ রান করে অপরাজিত ছিলেন। তবে দ্বিতীয় ম্যাচে নিজের জাত চেনালেন নীতিশ। আইপিএলে নজরকেড়েও জাতীয় দলে ম্লান হয়ে যাওয়া ক্রিকেটারের সংখ্যা নেহাতই কম নয়। কিন্তু তিনি যে লম্বা রেসের ঘোরা নিজের দ্বিতীয় টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে প্রমাণ করে দিলেন নীতিশ। বুধবার শুরুটা ভাল করেও প্রথম পাওয়ার প্লে-তে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। ততক্ষণে সাজঘরে ফিরে গিয়েছেন দুই ওপেনার অভিষেক শর্মা (১৫), সঞ্জু স্যামসন (১০) ও অধিনায়ক সূর্যকুমার যাদব (৮)। সেই পরিস্থিতিতে দলের হাল ধরেন নীতিশ। বাংলাদেশের বোলারদের নিয়ে ছেলেখেলা শুরু করেন তিনি। মিরাজ-সাকিবদের একের পর এক বলকে সযত্নে পাঠালেন মাঠের বাইরে। ২৭ বলে অর্ধশতরান পূর্ণ করে ফেলেন তিনি। একটা সময় মনে হয়েছিল অভিষেক শতরানটিও করে ফেলবেন। কিন্তু ৩৪ বলে ৭৪ রান করে মুস্তাফিজুরের বলে আউট হন তিনি। দুরন্ত ব্যাটিং করলেন রিঙ্কুও। শেষ কয়েকটি ম্যাচে ভাল ইনিংস খেলার সুযোগ পাচ্ছিলেন না নাইটরাইডার্স ব্যাটার। এই ম্যাচে সুযোগ পেয়ে ২৯ বলে ৫৩ রান করেন তিনি। শেষদিকে ১৯ বলে ৩২ রানের ঝোড়ো ইনিংস খেলেন হার্দিক।
আরও পড়ুনঃ Joe Root: কুককে পিছনে ফেলে সচিনের রুটে জো
রান তাড়া করতে নেমে শুরুটা খারাপ করেনি বাংলাদেশও। অর্শদীপের প্রথম ওভারে ১৪ রান তোলেন পারভেজ হোসেন ইমন। তবে নিজের দ্বিতীয় ওভারে দুরন্ত কামব্যাক করেন অর্শদীপ। ফিরিয়ে দেন পারভেজকে (১৪)। দ্বিতীয় উইকেটে লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত দলের হাল ধরেন। তখন একটা সাহসী সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক। পাওয়ার প্লে-তে বল তুলে দেন স্পিনার ওয়াশিংটন সুন্দরের হাতে। প্রথম ওভারে বাংলাদেশ অধিনায়ককে ফিরিয়ে বাংলাদেশ শিবিরকে ধাক্কা দেন তিনি। লিটন দাসকে ফিরিয়ে দেন বরুণ চক্রবর্তী। ব্যাট হাতে বড় রান করতে না পারলেও বল হাতে উইকেট নিলেন অভিষেক শর্মা। ফিরিয়ে দেন তৌহিদ হৃদয়কে। এই ম্যাচে দর্শকদের নজর ছিল মায়াঙ্ক যাদবের দিকে। যিনি বলের গতিতে আবারও নজর টানলেন। নিজের দ্বিতীয় ওভারে জাকের আলিকে ফিরিয়ে দেন তিনি। ব্যাট হাতে অর্ধশতরান করার পর বল হাতেও এ দিন সফল হলেন নীতিশ কুমার রেড্ডি । ৪ ওভার বল করে ২৩ রান দিয়ে ২ উইকেট নিলেন তিনি। বাংলাদেশের এ দিনের সফলতম ব্যাটার মাহমদুল্লাহকেও (৪১) তিনি আউট করেন। শেষ পর্যন্ত ১৩৫ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ।


More Stories
টুটু বসু প্রয়াত
পাকিস্তানকে ধ্বংস করল বাংলাদেশ
জমে উঠেছে পাকিস্তান বাংলাদেশ টেস্ট