পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা, ১৪ অক্টোবর : উইলিয়াম পিটার ওরর্ক। নিউজিল্যান্ড শেষ যে টেস্ট খেলেছে অর্থাৎ শ্রীলঙ্কা সফরের দ্বিতীয় টেস্টে একটিও উইকেট পাননি উইলিয়াম ওরর্ক। তাতে কী হবে, নিউজিল্যান্ডের ভারত সফরে এই ২৩ বছর বয়সী তারকার দিকে নজর রাখার যথেষ্ট কারণ আছে।
উইলিয়াম ওরর্কের জন্ম ইংল্যান্ডে । পরিবারে ক্রিকেটের চল বহুদিন ধরেই ছিল। বাবা এবং কাকা নিউজিল্যান্ডে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন। উইলিয়ামের জন্মের আগে ওরর্ক পরিবার ইংল্যান্ডে চলে যায়। মাত্র ৫ বছরের মধ্যেই তাঁরা আবার ফিরে আসেন নিউজিল্যান্ডে। বাড়ির ক্রিকেট পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে উইলিয়াম ওরর্ক অল্প বয়স থেকেই ক্রিকেট খেলতে শুরু করেন, আর ঘরোয়া ক্রিকেটে সাফল্যও পেতে থাকেন যার ফলশ্রুতি তাঁর নিউজিল্যান্ড জাতীয় দলে ডাক পাওয়া।
জাতীয় দলে ডাক পেয়ে হতাশ করেননি ওরর্ক । আন্তর্জাতিক ক্রিকেটে ৬ ফুট ৬ ইঞ্চির এই দীর্ঘদেহী ফাস্ট বোলার ইতিমধ্যেই প্রত্যাশা জাগিয়েছেন। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে টেস্টে অভিষেক লগ্নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৯ উইকেট তুলে নিয়ে নজির গড়েছেন। স্যার রিচার্ড হ্যাডলির দেশ নিউজিল্যান্ডের ৯৪ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে এরকম নজির নেই। স্মুথ রানিং ফলোআপ, ফ্লুয়েন্ট বোলিং অ্যাকশন নিয়ে একনাগাড়ে বল করে যেতে পারেন। শ্রীলংকা সিরিজের শুরুটাও ভালো করেছিলেন। প্রথম টেস্টের দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট তুলে নিয়েছিলেন। পরের টেস্টে ব্যর্থতা সত্ত্বেও এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে মোট চারটি টেস্টে ১৯ টি উইকেট পেয়েছেন ওরর্ক।

উল্লেখ্য,আরেক দীর্ঘদেহী কিউই ফাস্ট বোলার কাইল জেমিসনও শুরুটা দুর্দান্ত করেছিলেন। অথচ ৬ ফুট ৮ ইঞ্চি লম্বা বোলার চোট আঘাতের ধাক্কায় বেশ কিছুদিন ধরেই মাঠের বাইরে। স্বাভাবিকভাবেই ট্রেন্ট বোল্ট অবসর নেওয়ার পরে নিউজিল্যান্ডের পেস বোলিং অ্যাটাক কার্যত টিম সাউদি এবং ম্যাট হেনরির উপরে দাঁড়িয়ে। এদের মধ্যে সাউদি এসে পৌঁছেছেন ক্রিকেট জীবনের প্রান্তসীমায়। আগামী দিনে উইলিয়াম ওরর্কের সাফল্যের উপরে অনেকটাই নির্ভর করে থাকবে নিউজিল্যান্ডের ক্রিকেট দল। এখন দেখা যাক, উইলিয়াম ওরর্ক লম্বা দেশের ঘোড়া হয়ে উঠতে পারেন কিনা। সময় উত্তর দেবে, বিশেষজ্ঞরা মনে করছেন সফল হওয়ার রসদ তাঁর মধ্যে পূর্ণমাত্রায় বিদ্যমান। স্বাভাবিকভাবেই ভারতে তিন টেস্টের সিরিজ ওরর্কের কাছে অ্যাসিড টেস্ট।।
আরও পড়ুন ডাইনি সন্দেহে কুপিয়ে খুন এক পরিবারের তিন জনকে, ঝাড়খণ্ডের জঙ্গল মহলে ছড়িয়েছে চাঞ্চল্য


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার