স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৭ অক্টোবর: গত বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ‘হল অফ ফেম’-এ জায়গা পেয়েছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ডায়ানা এডুলজি। ভারতের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে এই তালিকায় জায়গা করে নজির গড়েছিলেন তিনি। এই বছর সেই তালিকায় যুক্ত হল আরও একজন ভারতীয় মহিলা ক্রিকেটারের নাম। তিনি নীতু ডেভিড। ভারতের প্রাক্তন বাঁ হাতি স্পিনার দ্বিতীয় ভারতীয় হিসেবে এই কৃতিত্বের অধিকারী হলেন।

বুধবার আইসিসি ‘হল অফ ফেম’-এ জায়গা পেয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন ওপেনার অ্যালিস্টার কুক। পাশাপাশি এই তালিকায় জায়গা করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তী এবি ডিভিলিয়ার্স। তাঁদের সঙ্গে আইসিসির এই সম্মান পেলেন ভারতের নীতু। সম্মানের পর তিনি জানিয়েছেন, ‘‘আমি আইসিসির ‘হল অফ ফেম’-এ জায়গা পেয়ে সম্মানিত। এই সম্মান জাতীয় দলের জার্সি পরার সম্মানের থেকে কোনও অংশের কম নয়।এই সম্মান তখনই পাওয়া যায়, যখন আপনি খেলার প্রতি আপনার জীবনকে উৎসর্গ করবেন।’’
আরও পড়ুন: Lionel Messi: দেশের জার্সিতে ফের জ্বলে উঠলেন মেসি, বলিভিয়াকে হাফডজন আর্জেন্টিনার
১৯৯৫ সালে দেশের জার্সিতে অভিষেক হয় নীতু ডেভিডের। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে পাঁচ দিনের ব্যবধানে টেস্ট ও একদিনের ফরম্যাটে প্রথমবার দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। তারপর দেশের হয়ে ১০ টি টেস্ট ও ৯৭ টি একদিনের ম্যাচ খেলেন উত্তর প্রদেশের কানপুরে জন্মগ্রহণ করা এই ক্রিকেটার। টেস্ট ক্রিকেটে ৪১ উইকেট ও একদিনের ক্রিকেটে ১৪১ উইকেটের মালিক তিনি।১৯৯৫ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে এক ইনিংসে নিয়েছিলেন ৮ উইকেট। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েছিলেন নীতু। একদিনের ক্রিকেটে দু’বার পাঁচ উইকেট শিকার নিয়েছিলেন তিনি। ২০০৮ সালে দেশের হয়ে শেষবার খেলেছিলেন। তবে ক্রিকেটকে জীবন থেকে দূরে সরিয়ে রাখেননি। ২০২০ সালে হরমনপ্রীতদের প্রধান নির্বাচকের দায়িত্ব তাঁর উপর তুলে দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। তাঁর নেতৃত্বে এ বার টি টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দল নির্বাচন হয়।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার